কর্পোরেশনের বোর্ড ভেঙে দেওয়া হল, পুর-কমিশনারকেই কলকাতার প্রশাসক করল রাজ্য
eTV Bharat | ০৮ জুন ২০২৬
কলকাতা, 8 জুন: চন্দননগর, বিধাননগরের মতোই শেষমেশ কলকাতা কর্পোরেশনে বসল প্রশাসক। পুর বিষয়ক দফতরের তরফে এক নির্দেশিকায় সেই বিষয় জানানো হয়েছে। বর্তমান পুর কমিশনার স্মিতা পাণ্ডে-কেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরেই একের পর এক বিভিন্ন পুরনিগম ও পুরসভা থেকে কাউন্সিলর ইস্তফা দিতে শুরু করেন। ভেঙে যায় নির্বাচিত বোর্ড। সেই আঁচ এসে পড়ে কলকাতা কর্পোরেশনেও। শুরু হয় বিভিন্ন পদে ইস্তফা দেওয়া। যদিও কাউন্সিলর পদে কেউ ইস্তফা দেননি। তবে 5 জুন ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেন। তার পর বোর্ডের অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়ায়।
সেই দিনই পুর বিষয়ক দফতর থেকে নির্দেশিকা জারি করে কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডে থেকে জানতে চাওয়া হয় বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না? জবাব দেওয়ার জন্য তিনদিন সময় দেওয়া হয়। জানানো হয় এই তিনদিনের মধ্যে নতুন মেয়র নির্বাচিত করার কোনও আবেদন জমা না পড়লে এই বোর্ড সম্পূর্ণ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে। সময়সীমা শেষ দিন ছিল আজ, সোমবার।
তবে আজ পুর কমিশনার স্মিতা পাণ্ডে কাছে জানতে চাওয়া হয়েছিল মেয়র নির্বাচন সংক্রান্ত কোনও চিঠি তিনি পেয়েছেন কি না! উত্তরে জানান, না তিনি কোনও পক্ষ থেকেই চিঠি পাননি। পাশাপশি তিনি জানান, সরকার যা জানতে চেয়েছিল নির্দেশ অনুসারে যে জবাব দেওয়ার দিয়েছি। এর পরেই সন্ধ্যায় পুর বিষয়ক দফতরে জারি হল সেই নির্দেশিকা। যাতে স্মিতা পাণ্ডে-কেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়ছে ফের নির্বাচন না হওয়ার আগে পর্যন্ত।
চিঠিতে কলকাতা কর্পোরেশন আইন, 1980-র 117 ধারার উপধারা (1) প্রয়োগ করে পুরনিগমের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে৷ কর্পোরেশনের বিলুপ্তির সঙ্গেই সব সদস্য, মেয়র-ইন-কাউন্সিল এবং উক্ত আইনের অধীনে গঠিত কর্পোরেশনের যেকোনও কমিটি এবং মেয়র ও চেয়ারম্যান পুর আইনের 118 ধারার উপধারা (1)-এর দফা (ক) অনুসারে আর থাকছে না। এবার থেকে কর্পোরেশন চলবে রাজ্য সরকার নিযুক্ত প্রতিনিধি দ্বারা৷ পুর আইনের 118 ধারার উপধারা (1) দফা (খ) অনুযায়ী এই নির্দেশ কার্যকর হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে৷