• বালুরঘাটে বিমান পরিষেবা চালুর দাবি, দিল্লিতে মন্ত্রীর সঙ্গে বৈঠকে সুকান্ত
    eTV Bharat | ০৮ জুন ২০২৬
  • দক্ষিণ দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবি, জেলার সঙ্গে কলকাতা-সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হোক । কিন্তু বছরের পর বছর ধরে বিমানবন্দর থাকা সত্ত্বেও নিয়মিত বিমান পরিষেবা চালু হয়নি । ফলে প্রশাসনিক, ব্যবসায়িক এবং চিকিৎসার প্রয়োজনে জেলার বাসিন্দাদের এখনও সড়ক বা রেলপথের উপরই নির্ভর করতে হয়।

    বিধানসভা নির্বাচনের আগে জেলার উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকান্ত মজুমদার । সরকার গঠনের পর মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিয়ে যেমন উদ্যোগী হয়েছেন, তেমনই এবার বিমান পরিষেবা চালুর দাবিও কেন্দ্রীয় স্তরে জোরালোভাবে তুলে ধরলেন তিনি।

    বৈঠকের পর সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে কেন্দ্রীয় বিমানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে । তাঁর দাবি, এতদিন বিমানবন্দরটি রাজ্য সরকারের অধীনে ছিল। বর্তমানে সেটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে বিমান পরিষেবা চালুর পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে ।

    সুকান্তর কথায়, "বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে । খুব শীঘ্রই এ বিষয়ে সুখবর পাওয়া যেতে পারে।"

    রাজনৈতিক মহলের মতে, বিমান পরিষেবা চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, জেলার পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে । বিশেষ করে উত্তরবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের সংযোগ আরও মজবুত হবে।

    বহু বছর ধরে অধরা থাকা স্বপ্ন এবার কি সত্যিই বাস্তবের মাটি ছুঁতে চলেছে ? দিল্লির বৈঠকের পর সেই আশাতেই বুক বাঁধতে শুরু করেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষ। জেলার আকাশে যাত্রীবাহী বিমানের ওড়াউড়ি দেখার অপেক্ষায় এখন গোটা বালুরঘাট।
  • Link to this news (eTV Bharat)