• ফের কি লালগোলায় হেরোইনের উৎপাত?
    আজকাল | ০৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলায় ফের মাদক উদ্ধারের ঘটনায় সাফল্য পেল পুলিশ। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন-সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে হেরোইন তৈরির কাঁচামালও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার কে.ডি. পাড়া লিচুবাগান এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আকবর আলি। তাঁর বাড়ি লালগোলা থানার অন্তর্গত গোপালনগর এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন কে.ডি. পাড়ার লিচুবাগানে অভিযান চালায় লালগোলা থানার পুলিশের একটি বিশেষ দল। তল্লাশির সময় আকবর আলিকে হাতেনাতে ধরা হয়। 

    পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে প্রায় ৩১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে হেরোইন তৈরির কাঁচামাল ২ কেজি সোডিয়াম পাউডার এবং ৫ লিটার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। পুলিশের প্রাথমিক অনুমান,  ধৃত ব্যক্তি এলাকায় হেরোইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণে হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশি ধরপাকড়ের কারণে গত কয়েক বছরে লালগোলায় হেরোইন তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে মাদক চক্রের সদস্যরা কাঁচামাল নিয়ে এসে হেরোইন তৈরির কারবার শুরু করতে চাইছে বলে পুলিশের একাংশ মনে করছেন।

    লালগোলা থানার এক আধিকারিক জানান, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে কাঁচামাল আনা হত এবং তৈরি হেরোইন কোথায় পাচার করা হত, তা জানার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মাদক ও রাসায়নিক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”

    ধৃত আকবর আলির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করে লালগোলা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)