• পুরস্কৃত হল অশোককুমারের উপন্যাস ‘আটটা নটার সূর্য’!
    আজকাল | ০৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তখন সত্তরের দশক। বারুদের গন্ধ চারিদিকে। নিত্যদিন শহরবাসীর ঘুম ভাঙত স্লোগানের সুরে৷ নকশাল আমলের সেই উত্তাল দিনে রচিত মহাকাব্যিক উপন্যাস ‘আটটা নটার সূর্য’। এবার তার জন্য এ বছরের লীলা স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেন কথাসাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়। 

    শনিবার সন্ধ্যায় মহাজাতি সদনের অ্যানেক্স হলে পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির উদ্যোগে আয়োজিত ৫ম বর্ষ লীলা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক ও মানপত্র তুলে দেন সোসাইটির প্রতিষ্ঠাতা- সম্পাদক ড. সৌম্য ভট্টাচার্য।

    মানপত্রে উল্লেখ করা হয়, বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই গবেষণামূলক প্রবন্ধ, প্রামাণ্য জীবনী এবং কিশোরসাহিত্য রচনায় সিদ্ধহস্ত অশোককুমার মুখোপাধ্যায় তাঁর ‘আটটা নটার সূর্য’ উপন্যাসে (প্রকাশক দে’জ পাবলিশিং) বিগত শতকের পাঁচ, ছয় ও সাতের দশকের রাজনৈতিক অস্থিরতা, আদর্শবাদী সংগ্রাম এবং রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসকে শিল্পসম্মতভাবে তুলে ধরেছেন। 

    পুরস্কার প্রদান পর্বের পর অনুষ্ঠিত হয় ২য় বর্ষ শচীন্দ্রমোহন ভট্টাচার্য স্মারক বক্তৃতা। ‘তথ্য-উপন্যাস লেখার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতায় অশোককুমার মুখোপাধ্যায় প্রাণবন্তভাবে, গল্প বলার ভঙ্গিতে আলোচনা করেন তথ্যনিষ্ঠা এবং শিল্পসৃষ্টির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার নানা দিক। সমকালীন বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং শর্মিষ্ঠা দে পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত 'ঋক' প্রকাশনীর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তুলেছিল।
  • Link to this news (আজকাল)