• বিরল রোগে আক্রান্ত ৫ বছরের শিশুর সফল বাইপাস সার্জারি
    আজকাল | ০৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসার মুকুটে যোগ হল আরও একটি পালক। এই প্রথম  'কাওয়াসাকি' রোগে আক্রান্ত একটি পাঁচ বছরের শিশুর 'বাইপাস সার্জারি' করা হল। গত ৪ জুন এসএসকেএম হাসপাতালে কার্ডিয়ো থোরাসিক বিভাগে এই অস্ত্রোপচার করা হয়। নেতৃত্বে ছিলেন এই বিভাগের অধ্যাপক ডাঃ শুভেন্দু শেখর মহাপাত্র। শিশুটি আপাতত সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন। 

    এবিষয়ে ডাঃ শুভেন্দু শেখর বলেন, "শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে সে যখন খুব ছোট তখন তার একবার জ্বর হয়েছিল। তখন ঠোঁট লাল হয়ে গায়ে ব়্যাশ বেড়িয়ে গিয়েছিল। এরপর জ্বর সেরে যাওয়ার পর যতই সে বড় হতে থাকে ধীরে ধীরে তার হাঁপিয়ে যাওয়া বাড়তে থাকে। খেলাধূলা বা হাঁটাচলা করতেও তার কষ্ট হতে থাকে।" 

    ডাঃ শুভেন্দু শেখর জানান, শিশুটির হার্টের তিনটি ধমনী ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। দুটির কিছু অংশ অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। আরেকটি অল্প ফুলে গিয়েছিল। যেটা খুবই ব্যতিক্রমী বা 'রেয়ার'। ফোলাটা অনেকটাই বেলুনের মতো। মোট পাঁচ ঘন্টা অস্ত্রোপচার করে ধমনীগুলি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। কাওয়াসাকি রোগে এত ছোট বাচ্চার বাইপাস সার্জারি রাজ্যে এর আগে কখনও হয়নি বলেই তিনি জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)