• ফের চা বাগানে বুনো হাতির হানা, পিষে মৃত্যু যুবকের! মাটিয়ালির এলাকাজুড়ে আতঙ্ক
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে দিন-দুপুরে বুনো হাতির হানায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপক গোয়ালা (৪০)। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি দলছুট বুনো হাতিকে প্রথমে জুরন্তি চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে হাতিটি সেখান থেকে নাগেশ্বরী চা বাগানের ১৯ বি সেকশনে চলে আসে। সেই সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন দীপক গোয়ালা। অভিযোগ, আচমকাই হাতিটি তাঁর উপর আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি দীপককে শুঁড়ে জড়িয়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। তবে আক্রমণের পর হাতিটি আর সেখানে অবস্থান না করে সংলগ্ন আইভিল চা বাগান এলাকায় চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বনদফতরের কর্মীরাও হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেন।

    এই ঘটনার পর নাগেশ্বরী চা বাগান এবং সংলগ্ন এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বুনো হাতির উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে দিনের বেলায় জনবহুল এলাকায় হাতির প্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপির মেটেলি আপার মণ্ডল কমিটির সভাপতি অমিত ছেত্রী। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, মৃতের পরিবারের জন্য যাতে সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দীপক গোয়ালার পরিবার ও সমগ্র এলাকাজুড়ে।

    রকি চৌধূরী
  • Link to this news (News18 বাংলা)