• 'গুদাম এক, শোরুম আলাদা'! ভাঙন নিয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • বিধানসভায় পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে। এ বার লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় ভাঙন ধরল তৃণমূলে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। আর সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

    সেলিমের দাবি, ‘আমি আগেই বলেছিলাম গুদামটা এক। শোরুম আলাদা। মিষ্টির দোকানে তো এরকম হয়। ট্রে এক তাক থেকে আরেক তাকে রাখা হয়। আগে অভিষেকের শোরুমে ছিল। এখন অন্য জায়গায়। একটা রাজনৈতিক দলের নীতি আদর্শ থাকে। এদের কিছু নেই। এই শোরুম তৈরি হয়েছিল R S S-এর টাকায়। RSS-এর চিন্তাভাবনায়।’ দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক প্রসঙ্গে কোচবিহারে এমনটাই মন্তব্য করলেন CPM-এর রাজ্য সম্পাদক।

    জোড়াফুলের এই ২০ সাংসদ এর পর যোগ দিতে চাইছেন কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-তে। বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। বিদ্রোহীরা সোমবার চিঠিও পাঠিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। পরে আরও একজন সাংসদ বিদ্রোহীদের দলে যোগ দিয়েছেন বলে খবর৷ ফলে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে হয়েছে ২১৷

    এ দিন সকালেই দিল্লিতে বিজেপি নেতা ওম বিড়লার বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা৷ সেই বৈঠকের পরই এনডিএ-এর শরিক হতে চেয়ে বিদ্রোহী সাংসদরা লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে খবর৷

    হকার উচ্ছেদ নিয়েও বামেদের পদক্ষেপের কথা জানান সেলিম। বলেন, ‘রেলস্টেশনে হকার উচ্ছেদ করে সেই জমিগুলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে বিজেপি। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে’

    শুভঙ্কর সাহা
  • Link to this news (News18 বাংলা)