• তাসের ঘরের মতো ভাঙছে মেমারি পৌরসভা, চেয়ারম্যান-সহ কাউন্সিলরদের ইস্তফা দেওয়ার হিড়িক
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • তৃণমূল পরিচালিত মেমারি পৌরসভায় ইস্তফাপত্র জমা দেওয়ার হিড়িক। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী-সহ ১১ জন কাউন্সিলর সোমবার ইস্তফাপত্র জমা দিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবরাজ বন্দোপাধ্যায়ের কাছে। তৃণমূল কাউন্সিলরদের ইস্তফাপত্র জমা দেওয়ার খবর রটতেই পৌরসভায় মিষ্টিমুখের আয়োজন করেন বিজেপি কর্মীদের।

    মেমারি পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান স্বপন বিষয়ী, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাশ্মীরা খাতুন সেখ, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর বিলকিস খাতুন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সোনালি বাগ, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মনসুরা বেগম শেখ, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইউসুফ, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর-রঞ্জিৎ বাগ। ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বাপী বন্দ্যোপাধ্যায় এদিন পদত্যাগ করেন। এদিকে আগেই পদত্যাগ করেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর-কৃষ্ণপদ বিশ্বাস।

    মেমারির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুরা বেগম শেখ এদিন ইস্তফা দেওয়ার পরে বলেন, “পদে থেকেও কাজ করতে পারছিলাম না, মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছিলাম তাই ইস্তফা দিলাম।” মেমারি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবরাজ বন্দোপাধ্যায় জানান, অধিকাংশ ক্ষেত্রেই কাউন্সিলররা ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন, আমি সেই সমস্ত ইস্তফাপত্র এসডিও-র কাছে পাঠিয়ে দেব, যদিও গৃহীত হবে কি না তাঁরা সিদ্ধান্ত নেবেন।

    প্রসঙ্গত, ভোটে ভরাডুবির পর ভাঙন ক্রমশই চওড়া হচ্ছে কলকাতা পুরসভায়। শুরু হয়েছে টানাপোড়েন। বাতিল হয়েছে পুরসভার মাসিক অধিবেশন। মেয়র পারিষদের বৈঠকও হয়নি। ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছেন কসবার ১০৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
  • Link to this news (News18 বাংলা)