• বিদ্রোহী সাংসদদের 'বিশ্বাসঘাতক' বললেন মহুয়া, ইউসুফ পাঠানকেও নিয়ে বিস্ফোরক কৃষ্ণনগরের MP
    আজ তক | ০৯ জুন ২০২৬
  • তৃণমূলে ভাঙন ধরানো সাংসদ ও বিধায়কদের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন সাংসদ মহুয়া মৈত্র। ক্ষমতা থাকলে বিদ্রোহী সাংসদদের পদ ছেড়ে ফের ভোটে জিতে আসার চ্যালেঞ্জ জানান তিনি। 

    ছাব্বিশের ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরই তৃণমূলে ভাঙন শুরু হয়। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধ গোষ্ঠী তৈরি করেন। এমনকী সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সই নিয়ে বিধানসভার স্পিকারের সম্মতিতে হন বিরোধী দলনেতা। সেই ঘটনার পর আজ সোমবার বাবাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভার ২০ জন তৃণমূল সদস্য স্পিকার ওম বিড়লাকে এনডিএতে যোগ দেওয়ার বার্তা পাঠান। অর্থাৎ ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই হাতছাড়া হতে চলেছে মমতার। 

    এই পরিস্থিতিতে সেই সব বিদ্রোহী সাংসদদের আক্রমণ করলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, '২০২৪ সালে সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। এনডিএ কোনও জনাদেশ পায়নি। যারা লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতক, তাঁরা বিজেপিতে যোগ দিন। আগে সাংসদ পদ ছেড়ে বিজেপির টিকিটে ভোটে লড়ুন। দেখা যাক, কতটা জনপ্রিয়তা রয়েছে।' 

    আর এক বার্তায় তিনি তীব্র ভাষার আক্রমণ করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকেও। লেখেন, 'ইউসুফ পাঠান, আপনি দিল্লি যাচ্ছেন কেন? কারণ অমিত শাহ ডেকেছেন? একটু সাহস দেখান। আপনি ভারতের হয়ে খেলেছেন। আমাদের জেলা আপনাকে বিপুল ভোটে জিতিয়েছে। কিছুটা লজ্জা ও সাহস দেখান।'

    মহুয়ার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। বিদ্রোহী সাংসদদের তালিকায় ইউসুফ পাঠানের নামও কি রয়েছে? সেই ইঙ্গিতই কি দিলেন মহুয়া? প্রশ্ন অনেকের। 

    প্রসঙ্গত, নির্বাচনে ভরাডুবির পরে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরতে চলেছে, সেই আঁচ পাওয়া যাচ্ছিল কয়েক দিন ধরেই। সূত্রের খবর, রবিবার রাতে দিল্লির গোপন ঠিকানায় বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। এরপর সোমবার দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও একপ্রস্থ বৈঠক হয় বিদ্রোহী সাংসদদের। সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর রাতে ফের শতাব্দী রায়ের বাড়িতেও বৈঠকে বসেছিলেন তৃণমূলের সাংসদরা। সেখানেও যান শুভেন্দু। প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক করেন তিনি। তারপর সংবাদমাধ্যমের উদ্দেশে ভিক্ট্রি সাইন দেখিয়ে বেরিয়ে যান। 
  • Link to this news (আজ তক)