লটারির টিকিট কাটার আগে খুব সাবধান! ৩ বাড়ি জুড়ে কী কাণ্ড চলত জানেন? বীরভূমে গ্রেফতার ১২
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
বর্তমান সময়ে বাসস্ট্যান্ড হোক অথবা স্টেশনের বাইরে অথবা রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চোখ মিললেই দেখতে পাওয়া যায় টেবিল নিয়ে বসে রয়েছেন এক ব্যক্তি, তিনি বিক্রি করছেন লটারি টিকিট। ভাগ্য বদলের জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষজন দাঁড়িয়ে পড়েন কিছুক্ষণ। কিছুক্ষণ নিজের মনের মধ্যে চিন্তা করে বেছে নেন পছন্দের নম্বর।
অনেকের ভাগ্য বদলে যায় আবার অনেকে নিরাশ হয়ে থাকেন পছন্দের নম্বরটি না খেলার জন্য। তবে আপনি যে টিকিট কাটছেন সেটা আদতে আসল না নকল সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল মানুষজন বিক্রি করছেন নকল টিকিট। তবে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে রামপুরহাট শহরের বাসট্যান্ড সংলগ্ন মোট দুটি বাড়ি, এবং বাস স্ট্যান্ড সংলগ্ন বগটুই গ্রামের একটি বাড়ি মোট তিনটি বাড়ি থেকে লটারির নকল টিকিটের ছাপাখানার হদিস পেল।
অভিযান চালিয়ে ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার তিনটি কাটিং যন্ত্র ও ন’টি ফটোকপির যন্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা রামপুরহাট, পাইকর, মুরারইের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা যায় দেশের একটি বড় লটারি সংস্থার নকল টিকিট ছাপিয়ে মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করত। ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় এই জাল লটারি বিক্রির ব্যবসা করতেন অভিযুক্তরা।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ অসৎ উদ্দেশ্য নিয়ে বহু মানুষকে প্রতারণা করা, কোনও মূল্যবান সম্পত্তিকে প্রতারণা করা, তথ্য জাল করা, এর পাশাপাশি সব থেকে বড় ব্যাপার সরকারকে কর ফাঁকি দেওয়া, নকল টিকিট ছাপিয়ে আসল বলে চালান ছাড়াও অপরাধ মূলক ষড়যন্ত্রের কাজে যুক্ত থাকার ধারায়ও মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে যাতে কোন সাধারণ মানুষ এই প্রতারণার ফাঁদে পা না দেন।