• ঋতব্রতর সঙ্গে এবার বৈঠক ফিরহাদেরও, যোগ দেবেন মমতা-বিরোধী ব্লকে?
    আজ তক | ০৯ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর থেকেই বেসুরো তৃণমূলের বেশিরভাগ বিধায়ক ও সাংসদ। আর সোমবার সেই ঘটনায় নাটকীয়তা আরও বাড়ল। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা জানিয়ে দিলেন, তাঁরা এনডিএ-এর সঙ্গে থাকবেন। একের পর এক সাংসদ যখন দল ছাড়ছেন, তখনই রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক সারলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদের সঙ্গে বিদ্রোহী তৃণমূল ব্লকের নেতার এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

    মন্তব্য করতে নারাজ ফিরহাদ
    দীর্ঘ সময় পরে যখন বিধানসভা থেকে ফিরহাদ বেরোন, শুধু বলে যান, ‘নো কমেন্ট প্লিজ...।’ সূত্রের খবর, ফিরহাদ হাকিমের সঙ্গে এ দিন বিধানসভার লবিতে আলাদা বৈঠক হয় মন্ত্রী তাপস রায়ের।

    কী কথা হল ফিরহাদের সঙ্গে?

    ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে রাখঢাক রাখেননি উলুবেড়িয়ার সাংসদ। ঋতব্রত বলেন, 'আমার সঙ্গে ববিদার (ফিরহাদ হাকিম) সম্পর্ক দীর্ঘদিনের। আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা তখন থেকে ওনাকে আমি চিনি। খুব ভাল সম্পর্ক।' তবে বিদ্রোহীদের দলে কি যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক? এ ব্যাপারে যদিও কিছুটা ধোঁয়াশাই রেখে দিয়েছেন ঋতব্রত। তিনি বলেন, 'সংখ্যাটা অবশ্যই বাড়বে। এইটুকু বলতে পারি। তবে বাকিটা কী হবে সেটা দেখতে পাবেন। তবে এটা ঠিক, ফিরহাদ হাকিম আর শামিম আহমেদ আমার সঙ্গে কথা বলেছেন।' 

    দুই বিধায়কই কি তবে যোগ দিচ্ছেন বিদ্রোহী তৃণমূলে? সরাসরি এ প্রশ্ন এড়িয়ে যান।,তিনি বলেন, 'এ ব্যাপারে এখনই মন্তব্য করব না।' তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ঋতব্রতও। এর আগে ৬০ জন বিরোধী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার সঙ্গে যোগ দিয়ে নতুন ব্লকের দাবি আরও জোড়াল করেন। সকলেই স্পিকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে দেন তাঁরাই আসল বিরোধী দল। এবার সেই সংখ্যা কী আরও বাড়বে? ঋতব্রত বলেন, 'স্পিকার এখন নেই। ফলে নতুন করে সই করার কোনও জায়গা নেই। নিয়ম অনুসারে যদি নতুন কেউ যোগ দিতে চান তা হলে তাদের আলাদা করে চিঠি দিতে হবে। দেখা যাক কি হয়।'    
     
    এ দিন কালো গাড়ির কাচ তুলে বিধানসভায় ঢোকেন ফিরহাদ। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব দেননি। তবে গত সপ্তাহেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদের ইস্তফার পরেই নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। এখন দেখার, দিল্লিতে যখন তৃণমূল সংসদীয় দল ভেঙে খান খান, এ দিকে ববিও কি মমতার হাত ছাড়ছেন?

        
  • Link to this news (আজ তক)