• ২২ বছর পর লীগ জয়: সুদূর বেঙ্গালুরুতে ‘প্রবাসে ইস্টবেঙ্গল’-এর জমকালো বিজয় উৎসব
    আজকাল | ০৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ বছর পর জাতীয় স্তরে লীগ জয়—এই আনন্দের রেশ যে সহজে কাটার নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কলকাতার ময়দান থেকে বহু দূরে, সুদূর বেঙ্গালুরুতে লাল-হলুদ সমর্থকেরা মেতে উঠলেন এক জাঁকজমকপূর্ণ বিজয় উৎসবে। ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ নামের জনপ্রিয় ফ্যান ক্লাবের উদ্যোগে গত ৭ই জুন সিলিকন ভ্যালির বুকে আয়োজিত হয়েছিল এই জমকালো সেলিব্রেশন। ফুটবল জয়ের আনন্দের সাথে সেখানে মিশে গিয়েছিল অফুরন্ত আড্ডা, গান-বাজনা আর এলাহী খাওয়া-দাওয়ার দেদার আয়োজন।

    কাজের সূত্রে বা পড়াশোনার খাতিরে বাংলা থেকে বহু দূরে থাকলেও, ইস্টবেঙ্গলের এই ঐতিহাসিক মুহূর্তকে হাতছাড়া করতে চাননি প্রবাসের ফুটবলপ্রেমীরা। তাই তো বেঙ্গালুরুর অক্ষয়নগরের ডিএলএফ ওয়েস্টেন্ড হাইটসের কমিউনিটি হলে আট থেকে আশি—সব বয়সের লাল-হলুদ অন্তপ্রাণ সমর্থকেরা হাজির হয়েছিলেন তাঁদের পরিবারকে সাথে নিয়ে। গ্যালারির সেই চেনা গর্জন যেন এদিন ডানা মেলেছিল প্রবাসের বুকেও।

    এই ফ্যান ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত সমর্থক জয়দীপ সেনগুপ্ত আবেগের সুরে জানান, ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ আসলে শুধু একটা ফ্যান ক্লাব নয়, এটি একটা বৃহৎ পরিবার। কলকাতা বা রাজ্যের বাইরে যেখানেই ইস্টবেঙ্গল খেলতে যাক না কেন—তা সে চেন্নাই হোক, গোয়া, কেরালা কিংবা বেঙ্গালুরু—গ্যালারিতে যাতে লাল-হলুদ পতাকা সগর্বে ওড়ে, তা নিশ্চিত করেন এই ক্লাবের সদস্যরা। শুধু মাঠের লড়াইয়েই নয়, সারা বছর ধরে ইলিশ উৎসব, বার্ষিক পিকনিক কিংবা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাড়ি থেকে দূরে থাকা এই মানুষদের জন্য একটি ‘দ্বিতীয় বাড়ি’ তৈরি করে দিয়েছে এই সংগঠন।

    ২২ বছরের খরা কাটিয়ে আসা এই ঐতিহাসিক লীগ জয়ের আনন্দ উৎসব যে এখানেই থেমে থাকবে না, তা বলাই বাহুল্য। বেঙ্গালুরুর এই সফল উদযাপনের পর, আগামী দিনে দেশের আরও নানা প্রান্তে প্রবাসী বাঙালিদের হাত ধরে এই লাল-হলুদ আড্ডা আর উৎসবের আবহ যে আরও দীর্ঘ সময় ধরে চলবে, সেই ইঙ্গিত স্পষ্ট।
  • Link to this news (আজকাল)