পুলিশ ও হোমগার্ডদের জন্য সুখবর, ছুটি নিয়ে বড় ঘোষণা করল নবান্ন
দৈনিক স্টেটসম্যান | ০৯ জুন ২০২৬
রাজ্যের মানুষ নিশ্চিন্তে যখন উৎসব পালন করেন তখন নিজেদের এবং পরিবারকে সেই আনন্দ থেকে বঞ্চিত রেখে ডিউটি করে যান তাঁরা। আলোর রোশনাইয়ে শহর ভাসলেও তাঁরা উৎসবমূখর মানুষজনকে সাহায্য করে থাকেন পথে। উপচে পড়া ভিড় সামলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। দিন-রাত এভাবেই কেটে যায় উৎসবের দিনগুলিতে। ছুটি পান না তাঁরা। তাও মুখে হাসি নিয়ে কাজ করে যান। নিরাপত্তা দিতে সদা সতর্ক থেকে রাত কাটান রাস্তায়। হ্যাঁ, তাঁরা হলেন এই রাজ্যের পুলিশ। এবার তাঁদের জীবনে ছুটির সুখবর নিয়ে এল রাজ্য সরকার।
এখন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ ও হোমগার্ডদের এবার সেই অতিরিক্ত কর্তব্যেরই ‘পুরস্কার’ দিল শুভেন্দু অধিকারীর সরকার। গত ২০২৫ সালের দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে টানা ডিউটি করা পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য এবার মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করল নবান্ন। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা সোমবার জারি করা হয়েছে।
ওই নির্দেশিকা থেকে জানা গিয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজো-সহ অন্যান্য গেজেটেড ছুটিতে টানা সাতদিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন। যোগ্য কর্মীরা মোট আটদিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং দুদিনের বিশেষ ছুটি পাবেন। তবে এই অতিরিক্ত ১০ দিনের ছুটি আগামী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগেই কর্মীদের নিতে হবে।
তাছাড়া সাধারণ ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি অথবা স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়ে বা যুক্ত করে এই বিশেষ ছুটি নেওয়া যাবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পুলিশ ও হোমগার্ড কর্মীরা। সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই রাজ্যপালের সন্মতি সাপেক্ষে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার কপি ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং হোমগার্ডের ডিরেক্টর জেনারেল ও কমান্ড্যান্ট জেনারেলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তে খুশি পুলিশ মহলের নিচুতলার কর্মীরা।