• তৃণমূল কার্যালয়ের ভিতরে আস্ত গেস্ট হাউস, মিলল কন্ডোম
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জুন ২০২৬
  • ভোটের ফল ঘোষণার পর থেকেই কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়। সোমবার দুপুরে ওই কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এরপর কার্যালয়ের ভিতর থেকে বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার হওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি, কার্যালয়ের মধ্যে থাকা অতিথিশালার একটি অংশ থেকে একাধিক কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে বলেও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ১৫ বছর ধরে বাঁকুড়ার ইন্দাস তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইন্দাস কেন্দ্র হাতছাড়া হলেও পঞ্চায়েত সমিতি এবং অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রভাব বজায় ছিল। সেই সময়েই তৎকালীন ব্লক সভাপতি শেখ হামিদের উদ্যোগে ইন্দাস বাজার এলাকায় একটি তিনতলা দলীয় কার্যালয় নির্মিত হয়। ওই ভবনের মধ্যেই একটি অতিথিশালাও তৈরি করা হয়েছিল বলে জানা যায়।

    স্থানীয়দের দাবি, চলতি বছরের ৪ মে-র পর থেকে ওই কার্যালয়ে তৃণমূলের কোনও নেতাকর্মীকে আর দেখা যায়নি। এরপর দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। সোমবার দুপুরে একদল স্থানীয় বাসিন্দা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। পরে মূল ভবনের দরজাও ভেঙে খোলা হয়।

    অভিযোগ, ভবনের ভিতরে রাখা একাধিক বস্তা ভর্তি শাড়ি উদ্ধার হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই শাড়িগুলির একটি বড় অংশ সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পাশাপাশি অতিথিশালার বিভিন্ন ঘর ঘুরে দেখার সময় কয়েকটি কন্ডোমের প্যাকেটও পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

    ঘটনার পর বিজেপির স্থানীয় নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। বিজেপির ইন্দাস-১ মণ্ডলের সভাপতি উত্তম সরকার অভিযোগ করেন, সাধারণ মানুষের অর্থ অপব্যবহার করে এই বিশাল দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল। তাঁর দাবি, কার্যালয়ের মধ্যে থাকা অতিথিশালা নানা ধরনের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হত। উদ্ধার হওয়া সামগ্রী সেই অভিযোগকেই আরও জোরদার করছে বলে তাঁর বক্তব্য।

    তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সামগ্রীগুলির উৎস বা সেগুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা ছিল, তা নিয়েও এখনও কোনও সরকারি তথ্য সামনে আসেনি। ফলে ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও জোরালো হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমানে গোটা ঘটনাকে ঘিরে ইন্দাসে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)