'বলেছিল ফোরাম ভেঙে দেবে...,' আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে মুখ খুললেন ভাস্বর! কার দিকে অভিযোগের তোপ দাগলেন
আজকাল | ০৮ জুন ২০২৬
আর্টিস্ট ফোরামের অন্দরমহলের নানা কাণ্ড মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই মুখ খুলছেন বিভিন্ন তারকারা। এবার সমাজমাধ্যমে সরব হলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি।
তিনি লিখলেন, 'এক বিস্ময়কর তথ্য পেলাম। বছর তিন চার আগে একটা কাজের টাকা পাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল বলে আর্টিস্ট ফোরামকে মেল করেছিলাম। কেউ রিপ্লাই দেয়নি। অনেকদিন অপেক্ষা করে তারপর নিজেরাই inititative নিয়ে টাকা আদায় করি। এই ক্ষোভটা কদিন আগে এখনকার forum এর নতুন কমিটির একজনকে বললাম। সে জানালো পুরোনো কমিটি যখন ছিল তখন artist দের mail দু'একজনকে forward করা হত। তাদের মধ্যে একজন হয় এই mail গুলো পাত্তা দিতেন না, নাহলে হাপিস করে দিতেন (যিনি বলেছিলেন result বেরোনোর পরেই forum ভেঙে দেবেন) শুধু আমার নয়, শুনলাম স্বস্তিকা মুখার্জির mail ও এভাবেই হারিয়ে গেছে। তবে এখনকার কমিটি অনেক strong. এসব অরাজকতা আর হতে দেবে না।' (পোস্টের লেখা ও সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
তাঁর পোস্টে আর্টিস্ট ফোরামের কোন সদস্যদের ইঙ্গিত করলেন? এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ভাস্বরের সঙ্গে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন ঠিকই, কিন্তু এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ অভিনেতা।
প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরে ভাস্বর ক্ষোভ উগরে সমাজমাধ্যমে লিখেছিলেন, 'স্বরূপ বিশ্বাস পুলিশের হেফাজতে বলে যারা (আমাদের industry-র) উল্লাসে ফেটে পড়ছেন সেদিন রাহুলের স্মরণ সভায় Sreelekha Mitraর microphone off করে দিয়ে তাকে কথা বলতে দেন নি কেন? বাক স্বাধীনতা তো সকলের আছে বলেই জানি। তাহলে সেদিন কেন তার হাত থেকে microphone কেড়ে নেওয়া হল? আরও একটা মজার ব্যাপার লক্ষ্য করেছিলাম। সভা শুরু করার সময় সমগ্র artist technician দের উদ্দেশ্যে যতবার কাউকে কিছু বলতে বলা হচ্ছিল সবাই বলছিল, আমি না স্বরূপ বলুক। কেন? সে কি অভিনেতা? কলাকুশলী? রাহুলের বন্ধু? তার সঙ্গে কোনো ছবিতে কাজ করেছে? কোনোদিন সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত কোনো কাজ সে করেছে দাদাগিরি করা ছাড়া? তাহলে এরকম একটা সভার সে মুখপাত্র হয় কি করে?" (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
ভাস্বরের ওই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছিলেন। শুধু ভাস্বর নন, অনেক তারকাই এই নিয়ে মুখ খুলেছেন।