• প্রতারণার অভিযোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • এই সময়, মেদিনীপুর: বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ও বর্তমান রাজ্য নেতা সমিতকুমার দাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। মৃত বিজেপি কর্মী মিতা ঘোষের পরিবার দলের রাজ্য সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। মেদিনীপুর কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ, ২০২১-এর মে-জুন মাসে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির তৎকালীন সভাপতি সমিত গ্যাংটকে যৌথ ভাবে হোটেল ব্যবসা করার প্রস্তাব দেন মিতা ঘোষকে। ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করার কথাও বলা হয়। মিতার পরিবারের অভিযোগ, সেই মতো জমি বিক্রি করে ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে মোট ৩০ লক্ষ টাকা দেওয়া হয় সমিতকে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ব্যবসার কোনও লভ্যাংশ মেলেনি। মিতা বারবার ব্যবসার হিসেব ও লাভের অংশ চাইলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

    গত ১৫ মে অসুস্থ অবস্থায় মিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জুন সকালে তিনি মারা যান। মিতার ছোট মেয়ের দাবি, '৫ জুন রাতে মা আমাকে দিয়ে গোটা বিষয়টি লেখান ও পড়ে শোনার পরে তিনি সই করেন।' তাঁর কথায়, 'ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঋণের বোঝা ও প্রতারিত হওয়ার মানসিক যন্ত্রণাতেই মায়ের মৃত্যু হয়েছে।'

    অভিযোগ অস্বীকার করে সমিতের দাবি, 'মিতা ঘোষকে চিনতাম। তিনি বিজেপির কর্মী ছিলেন। কিন্তু ২০২১-এ আমার কোনও হোটেল ব্যবসাই ছিল না। পরে ব্যবসা শুরু করেছি ও বর্তমান অংশীদারদের সঙ্গে বৈধ চুক্তিপত্রও রয়েছে। মিতার সঙ্গে কোনও ব্যবসা বা শেয়ার সংক্রান্ত আলোচনাই হয়নি। পুলিশ তদন্ত করে সত্যিটা সামনে আনুক।'

  • Link to this news (এই সময়)