এই সময়, খড়্গপুর: জেলা পুলিশে ব্যাপক রদবদল হলো দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তিন জেলার একাধিক পদস্থ আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে সোমবার। যদিও এটা রুটিন বদলি বলে জানানো হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বদলি হচ্ছেন তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, দু'জন এসডিপিও এবং দায়িত্বপ্রাপ্ত খড়গপুরের রেলওয়ে পুলিশ সুপার। এমনকী, ডিআইজি (মেদিনীপুর) রেঞ্জ অরিজিৎ সিনহারও বদলি হয়েছে। তিনি ডিআইজি (হোমগার্ড) হচ্ছেন। পরিবর্তে ডিআইজি (হোমগার্ড) অমিতাভমাইতিকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
খড়্গপুর রেলওয়ে পুলিশ সুপার মিতুনকুমার দে-কে অতিরিক্ত পুলিশ সুপার (হোমগার্ড) পদে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে নতুন এসআরপি হচ্ছেন এসএস (আইবি) জয়ন্ত মুখোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৌতম বন্দ্যোপাধ্যায় বদলি হয়ে যাচ্ছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পদে। তাঁর পরিবর্তে আসছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে আর থাকছেন না সন্দীপ সেন। পরিবর্তে আসছেন হুগলির এএসপি ভূষরা বানো। অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) সুব্রত দেব বদলি হয়ে যাচ্ছেন আসানসোলে। তাঁর জায়গায় আসছেন মনোরঞ্জন ঘোষ।
খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন। তাঁর জায়গায় আসছেন সিদ্ধার্থ সিং ডাঙ্গি। এসডিপিও (ঘাটাল) গাইকোয়াড় নীলেশও বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি হয়েছেন। তবে তাঁর জায়গায় কে আসছেন, তা জানানো হয়নি।
ঝাড়গ্রাম জেলারও দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলির নির্দেশ এসেছে। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৈয়দ এমএম হাসানকে জঙ্গলমহল ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার (সিও) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় কে আসছেন তা এখন জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ারকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আসছেন মালদার কালিয়াচকের এসডিপিও ফয়জল রাজা।
অন্য দিকে, পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) মেহতাব আলমকে পাঠানো হচ্ছে এসএপি-র নবম ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডান্ট পদে। তাঁর পরিবর্তে আসছেন বিবেককুমার ভার্মা। আর কোচবিহারের মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় আসছেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে।