এই সময়,আসানসোল: রবিবার মধ্যরাতে বিধ্বংসী আগুনে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বাজারে পুড়ে ছাই হয়ে গেল আনাজের ২০টি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। দোকানের ভিতরে থাকা সব সামগ্রী ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে ছুটে আসেন কিছু ব্যবসায়ী, বিজেপির দুই নেতা চিন্ময় তিওয়ারি এবং বাবন মণ্ডল। ছিল স্থানীয় পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। কিন্তু সেই গাড়ি আসতে খানিকটা সময় লাগে। তার মধ্যেব্যবসায়ী এবং বিজেপির নেতা–কর্মীরা বালতি জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দু’ধারে এমন ভাবে কিছু জায়গা দখল হয়ে গিয়েছে, যার জন্য দমকলের গাড়ির ভিতরে ঢোকা কঠিন হয়ে যায়। বড় পাইপ ব্যবহার করে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
সোমবার সালানপুর ব্লকের ভিডিও দেবাঞ্জন বিশ্বাস, স্থানীয় ব্যবসায়ীরা ও বিজেপির বিধায়কক্ষতিগ্রস্ত বাজার ঘুরে দেখেন। বিডিও জানান, ১৬ জুন তাঁর দপ্তরে ব্যবসায়ী, বিধায়ক, বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।
ব্যবসায়ীদের পক্ষে নিরাপদ পাল বলেন, ‘বাজার সংলগ্ন দোতলার ছাদে এক ব্যবসায়ী শুয়েছিলেন। তিনিই আগুন দেখতে পেয়ে বাকিদের খবর দেন। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে, তা দ্রুত ছড়িয়ে পড়ে।’ পরে চিত্তরঞ্জন এবং আসানসোল থেকে দু’টি দমকলের ইঞ্জিন আসে। তবে গভীর রাতে আগুন লাগায় প্রাণহানি এড়ানো গিয়েছে।
কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।