• অন্নপূর্ণার উপভোক্তারা ষাটের পরে পাবেন বার্ধক্য ভাতা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বার্নপুর ত্রিবেণী মোড়ে লাইন দিয়েছিলেন বৃদ্ধা লক্ষ্মী টুডু। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার লা‌ইনে দাঁড়িয়ে তিনি বলেন, আমার বয়স ৫৯। ৬০ বছর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পাব। তারপর কী হবে? পাশেই দাঁড়িয়ে ছিলেন দীপিকা চট্টোপাধ্যায়। তিনি বললেন, একই চিন্তা তো আমিও করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যাঁরা পায় ৬০ বছর বয়স হলে তাঁরা বার্ধক্য ভাতা পাবেন। তাঁদের নতুন করে কোনো আবেদন করতে হত না। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও কী তাই হবে?

    সাধারণ মানুষের এই জিজ্ঞাসা ‘বর্তমান’ পত্রিকার তরফে তুলে ধরা হয়েছিল রাজ্যের নারী, শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। মন্ত্রী বললেন, চিন্তার কারণ নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের যাঁরা উপভোক্তা হবেন তাঁরা ৬০ বছর বয়সের পর বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। বার্ধক্য ও বিধবা ভাতা যাঁরা পান তাঁদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য‌ আমাদের সরকার ভাবনাচিন্তা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী জানাবেন। 

    অগ্নিমিত্রায় এই ঘোষণায় খুশি রাজ্যের প্রৌঢ়ারা। 

    উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও বয়স ষাট পেরোলেই উপভোক্তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করতেন। অন্যদিকে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে শিল্পাঞ্চল জুড়ে প্রবল উৎসাহ রয়েছে। বিশেষ করে দ্বিতীয় পর্যায়ে আরও বহু সংখ্যাক মানুষ ৩ হাজার টাকা করে পেতে চলেছেন। তাই ফর্ম জমার ইঁদুর দৌড়ও চলছে।
  • Link to this news (বর্তমান)