• উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে শীঘ্রই
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার পর শীঘ্রই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হয়ে যাবে। আশা করছেন আবহাওয়াবিদরা। সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দু-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। রবিবার শুধু হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, সম্ভবত উত্তরবঙ্গেই প্রথম বর্ষা আসছে। তবে তার দিনদুয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হবে। আশা করছেন তাঁরা। উত্তরবঙ্গে ইতিমধ্যে  প্রাক্‌বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দু-তিন দিনের মধ্যে গোটা উত্তর-পূর্ব ভারতে বর্ষাকাল শুরু হয়ে যাবে। মৌসুমি অক্ষরেখার একটা অংশ বঙ্গোপসাগরের উপর থাকে। পশ্চিমবঙ্গ-ওড়িশা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর বর্ষা অগ্রসর হচ্ছে। 

    আবহাওয়া দপ্তরের বর্ষার অগ্রগতির মানচিত্রে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ উপকূল থেকে মৌসুমি অক্ষরেখার অবস্থান আর খুব বেশি দূরে নেই। আপাতত বজ্রগর্ভ মেঘ থেকে রাজ্যজুড়ে বৃষ্টি হবে। ১৪ জুন পর্যন্ত কয়েকটি দিনের জন্য একাধিক জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রমেঘ তৈরি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও ভ্যাপসা গরমে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেরবার হতে হচ্ছে। শুধু যেখানে কিছুটা বেশি বৃষ্টি হচ্ছে সেখানে গরম থেকে মিলছে সাময়িক স্বস্তি।
  • Link to this news (বর্তমান)