নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আইপিএস স্তরে বড়োসড়ো রদবদল করল নবান্ন। এসপি থেকে আইজি পর্যন্ত একসঙ্গে ১৭৯ জন অফিসারকে বদলি করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অভিষেক-মমতা ঘনিষ্ঠ একাধিক আইপিএস অফিসারকে গুরুত্বহীন জায়গায় পাঠানো হয়েছে। বিধানসভায় ভোটের সময় তদানীন্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আইপিএস অফিসারকে মমতার জ্যাক বলেছিলেন, সেই রূপেশ কুমারকে এসটিএফে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত কমিশনার (অপরাধ দমন) হচ্ছেন কুণাল আগরওয়াল। গৌরব শর্মা বেঙ্গল এসটিএফের আইজি হয়েছেন। কলকাতা পুলিশের ডিসি নর্থ, ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল, ডিসি ইএসডি, ডিসি এসএসডি ও ডিসি সাউথ ওয়েস্ট ডিভিশনে নতুন ডিসিরা দায়িত্ব নিচ্ছেন। এছাড়া একাধিক জেলার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন এসপি করা হয়েছে একাধিক উদীয়মান আইপিএস অফিসারকে।