এই সময়: চুক্তির মেয়াদ শেষ হলেও খালি করা হচ্ছে না তৃণমূলের অস্থায়ী কার্যালয়। এই অভিযোগ তুলে এ বার পুলিশের দ্বারস্থ হলেন ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটন তল্লাটের ওই বাড়ির মালিক মন্টু সাহা।
সোমবার তিনি প্রগতি ময়দান থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, বাড়িটি দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে তাদের কাছে। দীর্ঘ সময় ধরে মন্টুর সংস্থা ‘মডার্ন ডেকরেটার্স’ তৃণমূলের যাবতীয় কর্মসূচি ও সরকারি অনুষ্ঠানের মণ্ডপ ও মাইক সরবরাহের দায়িত্বে ছিল।
২০২১ সালে তপসিয়ায় ইএম বাইপাসের ধারে মূল ‘তৃণমূল ভবন’ ভাঙা হলে মেট্রোপলিটনের ওই বাড়িতেই দলের অস্থায়ী সদর দপ্তর গড়ে ওঠে। বাড়ির মালিকের দাবি, ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
তার পরে বাড়ি ছাড়ার অনুরোধ করা হলেও তৃণমূলের তরফে কোনও সাড়া মেলেনি। তার জন্যই এ বার বাড়ি ফেরত পেতে আইনি পথে হাঁটছেন তিনি। মন্টু সাহার কথায়, ‘তৃণমূলের একাধিক নেতাকে বাড়িটি ছাড়ার অনুরোধ বহুবার করেছি। কিন্তু কেউ কােনও কথা কানে তোলেননি। তার জন্যই থানায় অভিযোগ জানানো হয়েছে।’