গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ, সুজিতের মামলার দ্রুত শুনানির আরজি খারিজ হাইকোর্টে
বর্তমান | ০৯ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারি খারিজ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আরজি নাকচ করে দিল হাইকোর্ট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। সোমবার তাঁর আইনজীবী সেই গ্রেপ্তারি খারিজ মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সুজিতের আইনজীবীর বক্তব্য ছিল, এই মামলায় তাঁর মক্কেলের গ্রেপ্তারি চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ, কী জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট নয়। তিনি জানান, এর আগে অবকাশকালীন বেঞ্চ ইডিকে গ্রেপ্তারির বিস্তারিত তথ্য দিতে বলেছিল।
যদিও বিচারপতি কৃষ্ণ রাওয়ের মন্তব্য, গ্রেপ্তারি খারিজ নিয়ে এত তাড়াহুড়ো কেন? যদি গ্রেপ্তার হয়েই থাকেন, সেক্ষেত্রে মামলায় আর কী বাকি থাকে? সুজিতের আইনজীবী জানান, তাঁর মক্কেল এখনও ইডি হেপাজতে রয়েছেন। এখনও জেল হেপাজতে পাঠানো হয়নি। এই অবস্থায় গ্রেপ্তারির বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার শুনানি হোক। এরপরই বিচারপতি রাও স্পষ্ট জানিয়ে দেন, গ্রেপ্তার যখন হয়েই গিয়েছেন জামিনের আবেদন করবেন। জামিনের আবেদন করেননি কেন? ওই বিষয়ে এখনই শুনানি করা সম্ভব নয়। জুলাই মাসে মামলা শুনানির জন্য আসবে। যদিও সুজিতের আইনজীবীর ফের বলেন, গ্রেপ্তারিকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। যদিও দ্রুত শুনানির আরজি খারিজ করে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি। গত ১১ মে সুজিতকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই গ্রেপ্তারিকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত।