নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছর আন্তর্জাতিক যোগ দিবস অনাড়ম্বরেই কেটেছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে। তবে, এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে সম্পূর্ণ অন্য ছবি। রীতিমতো প্রোটোকল মেলে যোগ দিবস পালনের নির্দেশ গিয়েছে রাজ্যের স্কুলগুলিতেও। এমনকি, বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তোলার চেষ্টাতেও একদিন সমস্ত জেলার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে। রাজ্য সমগ্র শিক্ষা মিশন ৭-২১ জুন পর্যন্ত প্রতিদিন স্কুলগুলিকে যোগসম্পর্কিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে। তবে, আসলে তা শুরু হচ্ছে ৯ জুন থেকে। এই দিনটিকে বলা হচ্ছে, স্কুলে যোগাভ্যাস দিবস। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলির পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতে অংশ নেবেন। সবশেষে ২১ জুন বিশ্ব যোগ দিবসে সমস্ত জেলার বাছাই করা স্কুলগুলি নিয়ে নির্দিষ্ট স্থানে যোগাভ্যাস হবে।