পঞ্চায়েত সভাপতির ঘর খুলতেই চক্ষু চড়কগাছ! বন্ধ ঘরে যত্রতত্র ছড়িয়ে আছে নিরোধ
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
বিনপুর ২ নম্বর ব্লক তথা পঞ্চায়েত সমিতি চত্বরে আজ এক নজিরবিহীন ও চরম অস্বস্তিকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছড়িয়ে-ছিটিয়ে থাকা কন্ডোমের প্যাকেট। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্লক প্রশাসনের অন্দরে। সোমবার বিনপুর ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন যাতে একটু বসার বা বিশ্রামের জায়গা পান, সেই কারণে স্থানীয় বাসিন্দারা ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-এর কাছে পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘরটি খুলে দেওয়ার আবেদন জানান।
জনসাধারণের সুবিধার্থেই বিডিও-র নির্দেশে যখন ঘরটি খোলা হয়, তখনই চক্ষু চড়কগাছ উপস্থিত সকলের। দেখা যায়, ঘরের ভেতরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আপত্তিকর সামগ্রী ও কন্ডোমের প্যাকেট। সরকারি দফতরের ভিতরে এই ধরনের জিনিস মেলায় মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ব্লক জুড়ে।
এই বিষয়ে সভাপতি বিকাশ সিং সর্দারকে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ দায় এড়িয়ে গেছেন। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “এই বিষয়ে আমি কিছুই জানি না।” একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরের ভিতরে কীভাবে এবং কাদের আনাগোনায় এই ধরনের কাণ্ড ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল। ঘটনার জেরে ব্লক চত্বরে পুলিশ ও প্রশাসনের নজরদারি নিয়ে ক্ষোভ বাড়ছে।