• 'গুণধর' ছেলের হামলায় প্রাণ গেল বাবা-মায়ের, গুরুতর আহত জেঠিমা ও বোন
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • ছেলের হামলায় মৃত্যু বাবা-মায়ের! ধুপগুড়িতে শিউরে ওঠার মতো ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় দুই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ধূপগুড়ি মহকুমার জুরাপানি এলাকায় এক পারিবারিক অশান্তির পরিণতি দেখে শোকস্তব্ধ গোটা এলাকা। অভিযোগ, দশম শ্রেণির এক নাবালক আচমকা ধারাল অস্ত্র নিয়ে নিজের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনায় মৃত্যু হয়েছে মা ও বাবার। গুরুতর আহত জেঠিমা ও জেঠতুতো বোন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শালবাড়ী জুরাপানি হাইস্কুল সংলগ্ন ২ নম্বর গাদং গ্রাম পঞ্চায়েত এলাকায় হঠাৎই এই ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর প্রথমে নিজের মা দিপালী সরকার (৩২) ও বাবা নেপাল সরকার (৪৮)-এর ওপর হামলা চালায়। তাঁদের বাঁচাতে এগিয়ে এলে জেঠিমা ও বোনের ওপরও এলোপাথাড়ি ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয়। আহতদের দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দিপালী সরকারকে মৃত ঘোষণা করেন।

    গুরুতর আহত নেপাল সরকারকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। অপরদিকে জেঠিমা ও বোনকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর অভিযুক্ত প্রথমে পালানোর চেষ্টা করে। পরে সেই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেও চিকিৎসাধীন।

    কী কারণে এই আকস্মিক হামলা এবং হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পারিবারিক অশান্তি, মানসিক চাপ নাকি অন্য কোনও কারণ, সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন।
  • Link to this news (News18 বাংলা)