• হাসপাতালের গেট বন্ধ! জীবনের ঝুঁকি নিয়ে পাঁচিল টপকে স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়ারা, বেনজির ঘটনা
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • : হাসপাতালের গেট বন্ধ, পাঁচিল টপকে স্কুলে যেতে বাধ্য খুদে পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে বন্ধ হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ গেট। আর তার জেরেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনদের। এমনই অভিযোগ তুলে এদিন পথে নামলেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা।

    বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নৈহাটি কলোনি এলাকার এই গেটটি সুন্দরবনের প্রান্তিক অঞ্চল, টাকি, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী এবং তাঁদের পরিজনরা এই গেট ব্যবহার করে থাকেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেটটি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দু’টি স্কুলের প্রায় ১৫০ পড়ুয়া। স্কুলে পৌঁছতে ছোট ছোট শিশুদের কখনও হাসপাতালের পাঁচিল টপকে, আবার কখনও অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে নিরাপত্তার ঝুঁকি।

    অভিভাবকদের দাবি, প্রতিদিনই শিশুদের জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। হাসপাতালের পাঁচিল টপকে স্কুলে যাওয়ার ঘটনাও এখন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রোগী নিয়ে হাসপাতালে আসা অ্যাম্বুল্যান্স বা রোগীর পরিজনদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ গেটের সামনে সামিল হয় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, অবিলম্বে গেট খুলে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে।
  • Link to this news (News18 বাংলা)