পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে সোমবার রাতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর মেডিক্যাল চেকআপ করানো হয়। আজই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
অভিযোগ, সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তৃণমূল নেতা লক্ষাধিক টাকা তোলা চেয়েছিলেন। শুধু তাই নয়, তোলাবাজি চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ী সব্যসাচীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন।
বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাতে তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়। এরপরে ওইদিন রাতেই তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, সোমবার রাতে থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে পুলিশ সব্যসাচীকে গ্রেপ্তার করেছে।
রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবারই পুলিশের জালে ধরা পড়েছে ফলতার পুষ্পা ও অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খান। ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
অন্যদিকে, সম্প্রতি সুজিত বসুও গ্রেপ্তার হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রাক্তন দমকলমন্ত্রী ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরের জন্য ওই পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে। সুজিতের পাশাপাশি পরে একাধিক কাউন্সিলরকেও গ্রেপ্তার করা হয়।