• অরূপ রায় ‘গদ্দার’! মধ্য হাওড়ায় পোস্টার-ব্যানার
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়কে কটাক্ষ করে একাধিক পোস্টার ও ব্যানারে ছেয়ে গেল নতুন রাস্তার মোড় থেকে কালীবাবুর বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। তাঁর ছবি ব্যবহার করে তাতে জুতোর মালা পরিয়ে রাখতেো দেখা গিয়েছে। পাশাপাশি পোস্টারে তাঁকে ‘বেইমান’ ও ‘গদ্দার’ বলে উল্লেখ করা হয়েছে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

    স্থানীয় সূত্রে খবর, নেতাজি সুভাষ রোড, কালী কুন্ডু লেন, শ্যামাশ্রী সিনেমা হল সংলগ্ন এলাকাসহ মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ওই পোস্টার ও ব্যানার দেখা যায়। কয়েকটিতে লেখা, ‘দিদির দলকে হাওড়ায় দুর্বল করে দেওয়ার মূল কাণ্ডারী অরূপ রায়।’ অন্য একটি পোস্টারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন সাধারণ কর্মীদের বঞ্চিত করে তোলাবাজি, দুর্নীতি ও নানা অনিয়মে যুক্ত থাকার পর এখন তিনি দলের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। প্রায় সব পোস্টারের নীচেই লেখা ছিল, ‘আমরা দিদির সৈনিক’। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার দিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষেরই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভিতরে যে মতভেদ সামনে এসেছে, তারই প্রতিফলন এই পোস্টার-কাণ্ড। সূত্রের দাবি, সম্প্রতি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর সঙ্গে অরূপ রায়ের নাম জড়ানোর পর দলের একাংশের ক্ষোভ আরও বেড়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রচার চালানো হয়ে থাকতে পারে বলে অনুমান অনেকের। 

    যদিও এ বিষয়ে অরূপ রায় প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাঁর কিছু বলার নেই। ঘটনাকে ঘিরে গেরুয়া শিবির কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি। বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। অরূপ রায় হাওড়ায় কী ধরনের কাজকর্ম করেছেন, তা সাধারণ মানুষ জানেন বলেই তাঁর বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ্যে এসেছে বলে মনে হয়।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)