• বক্স খুলে ৬টি আইফোন হাতিয়ে পার্সেল ফেরত ডেলিভারি বয়ের!
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘গ্রাহককে ঠিকানায় পাওয়া যায়নি’। এমনই দাবি করে ছ’টি দামি আইফোনের পার্সেল প্যাকেট কোম্পানির কাছে ফেরত দিয়েছিল এক ডেলিভারি বয়। কিন্তু, কোম্পানির হাবে স্ক্যানিং করতে গিয়ে দেখা যায়, ওই প্যাকেটের ভিতরে আসল আইফোন নেই। বদলে অন্যসব জিনিসপত্র ভরে দেওয়া হয়েছে! ছ’টি আইফোনের মূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা! সল্টলেকে এমনই এক অভিনব প্রতারণার অভিযোগ উঠল এক নামী ই-কমার্স সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। রবিবার সংস্থার পক্ষ থেকে অভিযুক্ত ডেলিভারি বয়ের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহকদের অর্ডার অনুযায়ী গত ১ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে ছ’টি আইফোন শিপমেন্ট করা হয়। অভিযুক্ত ডেলিভারি বয় ওই ফোনগুলি ডেলিভারির জন্য সংগ্রহ করেছিল। তার বাড়ি সল্টলেকের সুকান্তনগরে। গত ছ’মাস ধরে সে এই ডেলিভারির কাজ করছিল। কিন্তু, সে কোম্পানির হাবে গিয়ে ওই ছ’টি পার্সেল প্যাকেট ফেরত দিয়ে দেয়। বলেছিল, যাঁরা অর্ডার করেছিলেন, তাঁদের ঠিকানায় গেলেও কাউকে পাওয়া যায়নি। কোম্পানির হাবে যে কোনো পার্সেল ফেরত নেওয়ার সময় স্ক্যান করে নেওয়া হয়। প্রাথমিকভাবে ফেরত নেওয়ার সময় প্যাকেট দেখে ‘অক্ষত’ই মনে হয়েছিল। স্ক্যানে দেখা যায়, ছ’টি পার্সেল বক্সের ভিতরে একটিও আইফোন নেই। ডেলিভারি বয় সব ফোন আত্মসাৎ করে নিয়েছে। 

    ই-কমার্স সংস্থা পুলিশকে জানিয়েছে, ওই ছ’টি আইফোনের মূল্য মূল্য ৮ লক্ষ ৪০ হাজার ২৬৯ টাকা। 
  • Link to this news (বর্তমান)