• আজ রাজ্যজুড়ে চালু হল ১০০ দিনের কাজ, প্রতি গ্রাম পঞ্চায়েতে চালু ২ থেকে ৩টি স্কিম
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর আজ পশ্চিমবঙ্গে আবারও শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-এর কাজ। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জুন মাসের জন্য রাজ্যে ১.৫৩ কোটি শ্রমদিবস সৃষ্টির অনুমোদন করেছে। এর ফলে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মসূচি শুরু করার নির্দেশ জারি হয়েছে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক পর্যায়ে অন্তত দুই থেকে তিনটি প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের কাজও গতি পাবে বলে প্রশাসনের আশা।

    এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করতে হাওড়া জেলায় একটি প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই রাজ্যজুড়ে ১০০ দিনের কাজের প্রকল্প পুনরায় চালুর বার্তা দেওয়া হবে।

    প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলা ও ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রকল্পের কাজ শুরু করার সময় সংশ্লিষ্ট এলাকার সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের যুক্ত করতে হবে। এর ফলে প্রকল্পগুলির প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

    প্রশাসনিক নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুরু হওয়া প্রতিটি কাজের তথ্য যথাসময়ে নরেগা সফ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা, শ্রমিকদের উপস্থিতি ও মজুরি সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য এই তথ্যভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

    রাজ্য সরকারের আশা, কেন্দ্রের অনুমোদিত ১.৫৩ কোটি মানবদিবসের সুযোগকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। বর্ষার আগে জলসংরক্ষণ, গ্রামীণ রাস্তা সংস্কার, পুকুর খনন, নিকাশি ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। তবে আগামী ১ জুলাই থেকে ১০০ দিনের বদলে রাজ্যে চালু হবে ১২৫ দিনের কাজ প্রদানকারী ভিবি জি রাম জি প্রকল্প।
  • Link to this news (বর্তমান)