• মাছ নয়, জালে উঠল পাইপগান, গোঘাটে চাঞ্চল্য
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • এই সময়, আরামবাগ: সাতসকালে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। মাছ কেনার জন্য পুকুরপাড়ে অপেক্ষা করছিলেন অনেকে। পুকুরে জাল টানতে গিয়ে মৎস্যজীবীরা অনুভব করলেন, মনে হয় কোনও বড় মাছ জালে জড়িয়েছে। কিন্তু জাল তোলার পরে তাঁরা দেখলেন, মাছের বদলে জালে উঠেছে আস্ত একটা পাইপগান। তা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাটের পিরতলায়।

    স্থানীয় সূত্রের খবর, পাইপ দেখেই সেখান থেকে চম্পট দেন মৎস্যজীবীরা। পরে বাসিন্দারা গোঘাট থানায় খবর দেন। গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পাইপগানটি উদ্ধার করে নিয়ে যায়। পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর চাউর হতেই বহু মানুষ সেখানে ভিড় করেন।

    স্থানীয় বিজেপি নেতা রাজীব ভান্ডারির অভিযোগ, 'ভোটের ফল বেরোনোর পরে এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই এই ধরনের অস্ত্র মজুত করে রেখেছিলেন তৃণমূল নেতারা। ভোটে তৃণমূল হেরে যাওয়ায় তাঁরা পুকুরে অস্ত্র ফেলে পালিয়েছেন। তল্লাশি করলে পুকুর থেকে আরও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে।'

    এক মৎস্যজীবী বলেন, 'জালে টান পড়তেই ভেবেছিলাম হয়তো বড় মাছ উঠেছে। পাইপগান দেখে আমরা সবাই ঘাবড়ে যাই। ভয়ে পেয়ে আমরা সবাই পালিয়ে যাই।'

  • Link to this news (এই সময়)