• কারও হাতে গোবর, কারও হাতে ডিম-টম্যাটো, সব্যসাচী আসতেই ছোড়া শুরু
    এই সময় | ০৯ জুন ২০২৬
  • থানা থেকে সব্যসাচী দত্তকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়ার সময়ে ছোড়া হলো ডিম, টম্যাটো । এক জনের হাতে দেখা যায় গোবরও! কচুপাতায় গোবর নিয়ে দাঁড়িয়ে। তিনি দাবি করেন, গোবর মাখাবেন সব্যসাচীকে।

    ২০১৮ সালে সব্যসাচীর বিরুদ্ধে ভয় দেখিয়ে প্রায় ১ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। সেই মামলাতেই সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মঙ্গলবার সকাল থেকে থানার সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কারও হাতে ডিম, কারও হাতে টম্যাটো।

    সব্যসাচীকে থানা থেকে পুলিশ কড়া নিরাপত্তায় বের করে আনলেও জনরোষ আটকানো যায়নি। পরের পর ডিম উড়ে আসতে থাকে সব্যসাচীকে লক্ষ্য করে। সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগ বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

    থানার সামনে হাজির বিক্ষুব্ধ এক ব্যক্তি বলেন, ‘এই চোর নেতা নিজেকে দাবাং বলত। ঔদ্ধত্য ছিল চরমে। মানুষের উপরে অত্যাচার করেছে, লাঠি ঘুরিয়েছে।’

    এ দিন থানা থেকে সব্যসাচীকে বের করতেই উড়ে আসে ডিম। সব্যসাচীকে গাড়িতে তোলা হলেও রেহাই মেলেনি। এক যুবক পুলিশের ভ্যানের দরজার ফাঁক দিয়েই ডিম ছুড়ে মারেন। চোর স্লোগান ওঠে বিধাননগরের রাস্তায়।

    সব্যসাচী দত্তর কথায়, ‘২০১৮ সালে কাকে থ্রেট করেছি বলেছে। অভিযোগ তো যে কেউ করতে পারে। ১ কোটি কেন ১০০ কোটিও বলতে পারে। ১ টাকাও দিয়েছে প্রমাণ করতে পারলে আমাকে ফাঁসি কাঠে যেন তুলে দেয়। আর যিনি অভিযোগ করছেন, তিনি নিজেই বিধাননগর উত্তর থানায় ২০১৮ সালে গ্রেপ্তার হন। এ সব প্রতিহিংসার রাজনীতি চলছে।’

  • Link to this news (এই সময়)