• গামছা ছুড়েও বাঁচানো গেল না! নীল নির্জনে স্নান করতে নেমে প্রাণ গেল দুবরাজপুরের যুবকের
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • : বক্রেশ্বরের নীল নির্জন জলাধারে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ অবশেষে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত যুবকের নাম বুদ্ধদেব হাজরা (২২)। তিনি দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গোশালা এলাকার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার দুপুরে বুদ্ধদেব তাঁর দাদা অনিক হাজরা, জ্যাঠাতো দাদা কৃষ্ণ হাজরা এবং জামাইবাবু তাপস হাজরার সঙ্গে নীল নির্জন জলাধারে স্নান করতে যান। জামাইবাবু পাড়ে বসে থাকলেও বাকি তিন ভাই একসঙ্গে জলাধারে নামেন। স্নান করার সময় অসাবধানতাবশত তাঁরা আচমকাই গভীর জলের দিকে চলে যান এবং ডুবতে শুরু করেন।

    বিপজ্জনক পরিস্থিতি দেখে পাড়ে থাকা তাপস হাজরা দেরি না করে নিজের গামছা ছুড়ে তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। তাঁর উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় অনিক ও কৃষ্ণ হাজরাকে জল থেকে টেনে তোলা সম্ভব হলেও, চোখের পলকে গভীর জলে তলিয়ে যান বুদ্ধদেব।

    ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় সদাইপুর ও দুবরাজপুর থানার পুলিশ। উপস্থিত হন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাও। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুর্গাপুর থেকে এনডিআরএফ টিমকে তলব করা হয়। গতকাল রাতে তল্লাশি শুরু হলেও অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় পুরোদমে অভিযান চালিয়ে অবশেষে বুদ্ধদেবের নিথর দেহটি উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জলাধারের গভীর জলে নামার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)