• পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে 'ট্রিটমেন্ট' দিলেন এসএসবি জওয়ান
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • রাস্তার কাতরাচ্ছেন এক রক্তাক্ত ব্যক্তি। পাশ দিয়ে চলে যাচ্ছিল একের পর এক গাড়ি। কেউ কেউ ফিরে তাকিয়েছেন বটে, তবে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকা সেই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে এলেন এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

    এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট বিনয় কুমার মিশ্রা। কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কের এলআরপি চকের কাছে এক মানবিকতার নজির গড়েছেন তিনি। জানা গিয়েছে, গত রবিবার দুপুরে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে নেপাল সীমান্তের দিকে যাচ্ছিলেন বিনয় কুমার মিশ্রা। এলআরপি চকের কাছে একটি কালভার্টের ওপর এক বাইক চালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।

    স্থানীয়দের উদাসীনতা দেখে এক মুহূর্তও সময় নষ্ট করেননি ওই আধিকারিক। দ্রুত নিজের বাইক থামিয়ে নেমে পড়েন রাস্তায়। নিজের বাইকে থাকা ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ ও প্রয়োজনীয় ওষুধপত্র বের করে প্রায় ২০ মিনিট ধরে রাস্তার ওপরেই ওই আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করেন তিনি। দুর্ঘটনায় ওই ব্যক্তির দুই হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছেন ওই জওয়ান।

    অন্যদিকে, খবর পেয়ে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। বিনয় বাবু নিজের সহকর্মীর সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বাহাদুরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য পরিবারের হেফাজতে তুলে দিয়েই নিজের সীমান্তের গন্তব্যে রওনা দেন ওই জওয়ান। জওয়ানের মানবিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ দেখে প্রশংসায় মুখর হয়েছে নেটপাড়া।
  • Link to this news (News18 বাংলা)