ডিম ‘খেলেন’ সব্যসাচী! মন্ত্রী বললেন, ‘পচা ছিল তো?’
আজকাল | ০৯ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পুরনো তোলাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তৃণমূল নেতাকে বিধাননগর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম এবং গোবর ছুঁড়ে মারেন। আদালতে পৌঁছনের পরেও ছুঁড়ে মারা হয় ডিম। এই প্রসঙ্গে বিধাননগরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখার্জির মত, “ঠিক লোককে ঠিক জিনিস ছোঁড়া হয়েছে।”
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আর কী বা ছুঁড়বে। ফুল ছোঁড়ার লোক নন তো উনি। ঠিক লোককে ঠিক জিনিস দেওয়া হয়েছে। ডিমটা পচা ছিল তো? সেটা ঠিক করে দেখতে হবে। কারণ খাওয়ার ডিমের দাম এখন ১০ টাকা আর পচা ডিমের দাম ২০ টাকা। ছোঁড়ার জন্য।”
প্রসঙ্গত, ২০১৮ সালে সব্যসাচী বিধাননগরের এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন বলে অভিযোগ। পরে ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার আটক করা হয় সব্যসাচীকে। তাঁকে থানায় নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গাড়িতে ওটার সময় সব্যসাচী দাবি করেন, “যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই অভিযুক্ত। যদি আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি ফাঁসিকাঠে ঝুলব।”
রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। সর্বপ্রথম শিকার হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই তালিকায় সর্বশেষ সংশোধন সব্যসাচী।