• ‘রেকর্ড’ গড়ল দার্জিলিঙের টয়ট্রেন
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জুন ২০২৬
  • দু’-তিন দিনের ছুটি মিললেই এখনও বহু বাঙালির প্রথম পছন্দ ‘দীপুদা’— অর্থাৎ দিঘা, পুরী এবং দার্জিলিং। সাম্প্রতিক সময়ে দিঘার পাশাপাশি মন্দারমনির জনপ্রিয়তাও বেড়েছে। তবে গরমের ছুটিতে পাহাড়প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এখনও দার্জিলিংই।

    হিমালয়ের কোলে অবস্থিত এই শৈলশহর তার মনোরম আবহাওয়া, সবুজ চা-বাগান, পাইন গাছের সারি এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্র। আর দার্জিলিংয়ের সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে ঐতিহ্যবাহী টয় ট্রেন, যা বছরের পর বছর ধরে পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে।

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) এই টয় ট্রেনের জয় রাইডে চড়ার ইচ্ছা থাকে ছোট থেকে বড় সকলেরই। সেই জনপ্রিয়তার প্রতিফলন এবার দেখা গেল আয়ের হিসেবেও। চলতি বছরের মে মাসে টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ডিএইচআর। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বাধিক আয় হয়েছে।

    তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে ডিএইচআর-এর আয় হয়েছে ৩৯৫ লক্ষ ৬০ হাজার টাকা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে আয় হয়েছিল ৩৫৮ লক্ষ ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

    গত পাঁচ বছরে মে মাসের আয়ের পরিসংখ্যানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ—

    • ২০২২ সালে আয় হয়েছিল ৩১৯ লক্ষ ৬৪ হাজার টাকা

    • ২০২৩ সালে আয় বেড়ে দাঁড়ায় ৩৫৮ লক্ষ ১৮ হাজার টাকায়

    • ২০২৪ সালে আয় কমে হয় ২৮৮ লক্ষ ৫৮ হাজার টাকা

    • ২০২৫ সালে আবার বৃদ্ধি পেয়ে হয় ৩৫৮ লক্ষ ৬০ হাজার টাকা

    • ২০২৬ সালে তৈরি হয়েছে নতুন রেকর্ড, আয় পৌঁছেছে ৩৯৫ লক্ষ ৬০ হাজার টাকায়

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, টয় ট্রেনের প্রতি পর্যটকদের আগ্রহ এখনও অত্যন্ত বেশি। বর্তমানে যে হারে বুকিং চলছে, তাতে জুন মাসেও আয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আয় ৩৭০ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

    তিনি আরও জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পর্যটকদের আরও উন্নত পরিষেবা ও অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। একইসঙ্গে ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্যবাহী রেলপথের ঐতিহ্য সংরক্ষণ এবং তার মর্যাদা বজায় রাখতেও রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)