মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করতে কোলাঘাটে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে শাসক ও বিরোধী—উভয় শিবিরের জনপ্রতিনিধিদের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং খড়্গপুর সদরের বিধায়ক দীনেন রায়। পাশাপাশি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিধায়ক দিলীপ ঘোষ এবং অশোক দিন্দাও বৈঠকে যোগ দেন।
এর আগেও কল্যাণী, দুর্গাপুর এবং নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকগুলিতে বিরোধী জনপ্রতিনিধিদের উপস্থিতি নজর কেড়েছিল। সেই ধারাবাহিকতাই বজায় থাকল কোলাঘাটের বৈঠকেও।
বৈঠকে অংশ নিয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, “আমরা সবাই জনপ্রতিনিধি। মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। তাই মানুষের স্বার্থে ডাকা কোনও বৈঠকে বিরোধীদের উপস্থিত হওয়া স্বাভাবিক। উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলের একসঙ্গে কাজ করা উচিত।”
প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে মূলত বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বর্ষার সময় যাতে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে। ফলে প্রতি বছরই বহু মানুষকে দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্ষাকালে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে এই প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বিরোধী জনপ্রতিনিধিদের আমন্ত্রণ ও তাঁদের সক্রিয় অংশগ্রহণ প্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, “এটাই বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের অন্যতম পার্থক্য। আগে বিরোধী বিধায়কদের মতামতের গুরুত্ব দেওয়া হত না। এখন সরকার বিরোধীদের ডেকে তাদের বক্তব্য শুনছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এটিই কাম্য।”
সব মিলিয়ে কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং জনস্বার্থমূলক প্রকল্পগুলিকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।