• শীঘ্রই ঝেঁপে নামবে বৃষ্টি, কবে মিলবে স্বস্তি?
    দৈনিক স্টেটসম্যান | ০৯ জুন ২০২৬
  • রাজ্যে বর্ষার আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। সাধারণ নিয়ম মেনেই উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা প্রবেশ করবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে।

    ৪ জুন কেরলে বর্ষা ঢুকেছে। তারপর দ্রুত এগিয়েছে মৌসুমি বায়ু। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশে বর্ষা পৌঁছে গিয়েছে। সেইসঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশেও মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। এবার তার পরবর্তী গন্তব্য উত্তরবঙ্গ, সিকিম ও ওড়িশা।

    আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, গত কয়েক দিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে রাজ্যে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। যদিও আদ্রতাজনিত কারণে অস্বস্তি বহাল রয়েছে। বর্ষা প্রবেশ করলে সেই অস্বস্তি অনেকটাই কমবে। তবে বর্ষার আগমনের আগে থেকেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টিপাত। সপ্তাহজুড়ে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় গোটা সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    এদিকে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর প্রকোপ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর কালবৈশাখীর সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)