হাজার বছরের প্রাচীন খেলার আয়োজনে জমজমাট মিনাখাঁ, দেখতে মাঠের দু’পাশে উপচে পড়ল ভিড়
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
ঘোড়াদৌড় বিশ্বের অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিযোগিতা। ইতিহাসবিদদের মতে, প্রায় চার হাজার বছর আগে মধ্য এশিয়া ও প্রাচীন মিশরে ঘোড়া ব্যবহারের শুরু থেকেই ঘোড়ার গতি ও সক্ষমতা যাচাইয়ের জন্য এই প্রতিযোগিতার প্রচলন হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ক্রীড়া নয়, বিভিন্ন সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
প্রাচীন গ্রিসে ঘোড়াদৌড় ছিল অত্যন্ত জনপ্রিয়। সেই ঐতিহ্যের ধারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজও নানা রূপে টিকে রয়েছে। বাংলার গ্রামাঞ্চল থেকে সুন্দরবন এলাকায় এখনও ঘোড়াদৌড়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের নলফা ছয়নী গ্রামে সেই ঐতিহ্য আজও সমানভাবে বজায় রয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগের সময় থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এ বছর ৮৯ বছরে পা দিল।
সম্প্রতি নলফা ছয়নী গ্রামে আয়োজিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৪০টি ঘোড়া। তিন কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে মাঠের দু’পাশে ভিড় জমান কয়েক হাজার মানুষ। দূরদূরান্ত থেকে আসা দর্শকদের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। এলাকার বাসিন্দাদের মতে, এটি শুধু একটি খেলা নয়, গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের প্রতীক।
খেলার পাশাপাশি বসে মেলা, নানা পণ্যের দোকান এবং দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ৯ হাজার টাকা, দ্বিতীয় ৭ হাজার, তৃতীয় ৫ হাজার, চতুর্থ ৩ হাজার এবং পঞ্চম ২ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়। ৮৯ বছরের এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় আজও মিনাখাঁর মানুষের আবেগ, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে রয়েছে।