১৪ জুন পর্যন্ত বাতিল আদ্রা শাখার প্রচুর ট্রেন! ঘুরপথে চালবে দূরপাল্লার এক্সপ্রেস-মেমু, রইল তালিকা
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নের কাজ। আর সেই কারণে আগামী কয়েকদিন আদ্রা শাখায় ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে রেল পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং রেলের ভবিষ্যৎ পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি, নির্দিষ্ট বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং একটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। আগামী ৮-১৪ জুন পর্যন্ত এই নিয়ন্ত্রিত পরিষেবা জারি থাকবে বলে দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আদ্রা-আসানসোল-আদ্রা মেমু আগামী ৮-১১ জুন সম্পূর্ণ বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেনটি বাতিল করা হয়েছে আগামী ৯, ১২ এবং ১৪ জুন। ৯ এবং ১৪ জুন আদ্রা-ভাগা-আদ্রা মেমু এবং ৯, ১২ ও ১৪ জুন ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু চলাচল করবে না। একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে এই সময়ের জন্য। আগামী ৯, ১২ এবং ১৪ জুন চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু মহুদা স্টেশনেই যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ট্রেন ফিরবে।
১০ এবং ১৩ জুন আসানসোল-টাটানগর-আসানসোল মেমু, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু এবং খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা আদ্রা স্টেশনেই শেষ হবে। আগামী ১১ জুন টাটানগর-আসানসোল-বরাভূম মেমু ট্রেনটির যাত্রাও গন্তব্যের আগেই আদ্রা স্টেশনে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ৯ এবং ১৩ জুন টাটানগর-হাতিয়া এক্সপ্রেস নির্দিষ্ট রুটের বদলে চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি স্টেশনের পরিবর্তিত রুট দিয়ে যাতায়াত করবে।
পরিকাঠামোগত এই জরুরি কাজের জন্য যাত্রীদের যে বেশ কিছু দিন অসুবিধার সম্মুখীন হতে হবে, সে কথা স্বীকার করে নিয়েছে রেল। নিত্যযাত্রীদের যাতে আগের মত খুব একটা বড়সড় সমস্যার মুখে পড়তে না হয়, সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। তবে ভবিষ্যতের উন্নত এবং সুরক্ষিত রেল পরিষেবার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানান হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে।