হুড়মুড়িয়ে ভাঙল ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের কনভেয়ার, ব্যাহত হবে বিদ্যুৎ উৎপাদন? কেন এমন অঘটন
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
: ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বহণকারী ‘কনভেয়ার’ ভেঙে পড়ল। আচমকা ওই কনভেয়ার ভেঙে পড়ার কারণে কেউ হতাহত হয়নি। তবে সকাল থেকে ওই কনভেয়ার বেল্টে এবং তার আশপাশে অনেক শ্রমিক কাজ করেন। ফলে দিনের বেলায় ওই ঘটনা ঘটলে বড় ধরণের বিপত্তি ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন ফরাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে ওই ঘটনায় তাপবিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রেও কোনও রকম ব্যাঘাত হয়নি বলেও কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতি দিন ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী সেখানে দৈনিক ১৫০০-১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০ ও ৫০০ মেগাওয়াটের তিনটি করে মোট ছ’টি বয়লার রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা নিয়ে এসে যেখানে মজুত করা হয়, সেখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা বহণ করে নিয়ে আসা হয় ক্রাসারে ফেলা হয়। সেখানে চাঙ্গড় ভেঙে ছোট করার পরে সেই কয়লা গুঁড়ো করার জন্য দেওয়া হয় মিলে। মিল থেকে গুঁড়ো কয়লা ফেলা হয় বয়লারের বার্নারে। বিদ্যুৎ উৎপাদনের জন্য বয়লারের বার্নার পর্যন্ত কয়লা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওই কনভেয়ার-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে ফরাক্কা এনটিপিসি’র মুখ্য জনসংযোগ আধিকারিক পীযুষ কুমার জানান, গত দু’দিনের ঝড় ও বৃষ্টিতে ওই কনভেয়ার দুর্বল হয়ে পড়ে আর সেই কারণেই ভেঙে পড়েছে। ওই কনভেয়ার বেল্টের মাধ্যমে দূর থেকে ওই কয়লা বহণ করে নিয়ে এসে ফেলা হয় বয়লার পর্যন্ত। কিন্তু একটি কনভেয়ার ভেঙে পড়লেও আরও কনভেয়ার থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়নি। একই ভাবে কোনও হতাহত হওয়ার ঘটনাও নেই। তবে দ্রুত ওই কনভেয়ার সারানোর কাজ চলছে।
এ ব্যাপারে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী বলেন, ‘কিছুটা হলেও বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। তবে এটা রাতের অন্ধকারে না হলে দিনের বেলায় হলে শ্রমিকদের জীবনহানি হতে পারত। রাতে হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এই বিষয়ে এনটিপিসি কতৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।’