নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল চারচাকা গাড়ি, পিসির বাড়ি থেকে ঘরে ফেরা হল না যুবকের
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
সকাল সকাল পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ওই দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ময়না থানার নতুন পুকুর এলাকার বলাইপণ্ডা তমলুক রাজ্য সড়কে। মঙ্গলবার সাতসকালে দ্রুত গতিতে থাকা একটি ছোট প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। গাড়িতে চালকসহ মোট চারজন ছিল। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে পাঠায় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে আহতদের পাঠানো হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় একজনের।
স্থানীয় সূত্রে ও ময়না থানা সূত্রে জানা যায়, সকালবেলা ওই গাড়িটি খড়্গপুর থেকে ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের কলাগেছিয়া গ্রামে যাচ্ছিল। গাড়িতে থাকা যুবকদের বাড়ি ওই কলাগেছিয়া গ্রামে। বাড়ি আসার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সকাল সকাল হওয়ায় এলাকার মানুষজন জলে নেমে গাড়ির ভিতর থেকে চারজনকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ওই চারজনকে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এলাকাবাসী। একজন সুস্থ হলেও বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এখনও তা সঠিক জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় প্রাণ হারিয়েছে ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের বাসিন্দা অনিমেষ প্রামাণিক। বছর ৩০ এর অনিমেষ ভিন রাজ্যে ফুলের পরিযায়ী শ্রমিক। কিছুদিন ধরেই বাড়িতে ছিলেন। বাড়ি থেকেই সোমবার কলাগেছিয়া গ্রামে পিসি বাড়ি গিয়েছিলেন। রাত্রিতে তাঁর ফিরে আসার কথা ছিল বাড়ি। কিন্তু এদিন সকালে পরিবারের লোকজন তাঁর দুর্ঘটনার খবর পায়।
গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গৌতম দরবার। তিনি জানিয়েছেন কী করে দুর্ঘটনা ঘটেছে জানি না। এসে দেখি নয়ানজুলিতে পড়ে আছে গাড়ি। গাড়ির ভেতরে চালকসহ চারজন ছিল। চারজনকে উদ্ধার করে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করা হয়।” তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেই মারা যান অনিমেষ প্রামাণিক। তাঁর দুই সঙ্গী এখনও চিকিৎসাধীন। অনিমেষের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।