ব্লক স্বাস্থ্যকেন্দ্রে হাজির বিধায়ক, রোগী উন্নয়নে নতুন উদ্যমে কাজ করার কড়া বার্তা বিএমওএইচ'কে
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
দুই বিধানসভার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার কেন্দ্রবিন্দুতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরিদর্শনে বিজেপি বিধায়ক ও প্রতিনিধিরা। নদিয়ার শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরেই দুই বিধানসভার বিস্তীর্ণ গ্রামীণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার অন্যতম ভরসাস্থল। শান্তিপুর বিধানসভার ছয়টি পঞ্চায়েত এবং রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার চারটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সারা বছর এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, পরিষেবা সংক্রান্ত নানা অভিযোগ মাঝেমধ্যেই রোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে সামনে আসত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতার কথা প্রকাশ্যে খুব বেশি তুলে ধরতেন না। দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যেই চলেছে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। এই পরিস্থিতিতে এদিন হাসপাতাল পরিদর্শনে আসেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস।
রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় অন্যত্র ব্যস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাহা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তাঁরা এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বিধায়ক স্বপন কুমার দাস বলেন, অতীতের সমস্ত তিক্ত অভিজ্ঞতা ভুলে সাধারণ মানুষের স্বার্থে নতুন উদ্যমে কাজ করতে হবে। তিনি হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (বিএমওএইচ)-কে পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে সচেতন করেন।
তাঁর বক্তব্য, রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন’ সরকারের উন্নয়নের ভাবনা বাস্তবায়িত করতে হবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অধ্যাপক ডঃ সোমনাথ কর এবং চিকিৎসক ডঃ সুজন দাস। তাঁরা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একাধিক প্রস্তাব তুলে ধরেন। হাসপাতালের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়।