• হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা! থানায় অভিযোগ, বেপাত্তা কাউন্সিলর
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • : হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ মালদহে। অভিযোগের পর থেকেই বেপাত্তা তৃণমূল কাউন্সিলর। মালদহের ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

    থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গৌড়বঙ্গ হকার্স কর্নারের ব্যবসায়ী মৃণাল মৈত্র ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, “দোকান দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা নেওয়া হয়েছিল। যদিও সরকারি কাগজে এক লক্ষ টাকার উল্লেখ রয়েছে। কাউন্সিলর অশোক সাহা তার লোকের মারফত টাকা নিয়েছে। কোনও বৈধ সরকারি নথি বা বরাদ্দপত্র ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে দোকান নম্বর জানিয়ে দেওয়া হয়েছিল। অতিরিক্ত নেওয়া টাকা ফেরতের দাবিতে থানার দ্বারস্থ হয়েছি। আর‌ও অনেকে রয়েছেন যাদের অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।”

    একই ধরনের অভিযোগ করেছেন ব্যবসায়ী শম্পা হালদারও। তাঁর অভিযোগ, “দোকান দেওয়ার আশ্বাসে ৫৭ হাজার টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয়েছে মাত্র ৫০ হাজার টাকার। এখনও পর্যন্ত তিনি দোকান পাননি বলেও দাবি করেছেন। অভিযোগকারীদের আরও দাবি, বিষয়টি নিয়ে সরব হলে দোকান না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।” এদিকে অভিযোগের পর থেকেই কাউন্সিলর অশোক সাহার বাড়ি তালাবন্ধ রয়েছে বলে স্থানীয়দের দাবি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

    অন্যদিকে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারি উদ্যোগে হকার্স মার্কেট নির্মাণ করা হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনেই টাকা নেওয়া হয়েছে। তবে কেউ ব্যক্তিগতভাবে অতিরিক্ত টাকা নিয়ে থাকলে তার দায় পৌরসভার নয়।” অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
  • Link to this news (News18 বাংলা)