• মেদিনীপুরে মর্মান্তিক ২৪ ঘণ্টা! পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩, জেলাজুড়ে শোকের ছায়া
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • : পরপর দু’দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নামল পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার সন্ধ্যা এবং মঙ্গলবার সকালে জেলার পৃথক তিনটি জায়গায় জোড়া পথ দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনা ও গড়বেতা থানার সীমানা লাগোয়া পাহাড়ি মাথা এলাকায়। রাজ্য সড়কের উপর একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় জয়পতি রায় নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চন্দ্রকোনার ধামুকুড়িয়া এলাকায়। পুলিশ তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

    দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে রেলশহর খড়গপুরের কৌশল্যা এলাকায়। সেখানে বেপরোয়া গতির একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় খড়গপুর পুরসভার এক কর্মীর। মৃতের নাম এন ভাস্কর রাও (৪০)। এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ। ডাম্পার ফেলে চালক পালিয়ে যান, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    অন্যদিকে, ওইদিন সকালেই জেলার বেলদা থানার অন্তর্গত নহপাড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। মৃতের নাম নবদ্বীপ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ির পুকুরে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। সোমবার রাতের বৃষ্টির জেরে পুকুরে জল জমে যায়। মঙ্গলবার সকালে একটি টুলু পাম্প দিয়ে সেই জল বের করতে গিয়েই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নবদ্বীপবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পরপর এই তিনটি আকস্মিক মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটি ঘটনারই আলাদা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)