• দিঘা আর ‘ধাম’ নয়, নতুন পরিচয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের একমাস কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের আমলে দিঘাতে তৈরী করা হয়েছিল শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। তিনি জানান, এখন থেকে এটির নাম হবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। এইবার সেই নাম থেকেই ধাম শব্দটি পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দুবাবু। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির পাঠানো একটি চিঠির প্রেক্ষিতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। বিজেপি সাংসদ সম্বিত পাত্র স্বয়ং ওড়িশার মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব সম্বলিত চিঠি নিয়ে এসে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিবের হাতে। সেই চিঠি গ্রহণ করার পরেই এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান। 

    মুখ্যমন্ত্রী বলেন, একই ভাবে সব নিয়ম মেনে পুজো, ভজন চলবে। সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে সম্বিত বলেন, সনাতন সংস্কৃতিতে চারটি ধাম রয়েছে। তার মধ্যে পুরীর জগন্নাথ ধাম অন্যতম। আদি শঙ্করাচার্য এটি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তৃণমূলকেও কটাক্ষ করেন তিনি। সম্বিতের দাবি, সব জানার পরেও আগের সরকার মন্দিরের সঙ্গে ধাম শব্দটি জুড়ে দিয়েছিল। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দুবাবু বলেন, নথিপত্রে দিঘার মন্দিরকে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হিসেবেই উল্লেখ করা হয়েছে। কিন্তু দিঘায় ধাম শব্দটি সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারনেই এদিন ধাম শব্দটি প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে ধাম শব্দটি প্রত্যাহার করে নেওয়া হল। পাশাপাশি জানান, নথিপত্রেও শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার হিসেবেই উল্লেখ করা হবে। এটি শ্রী শ্রী জগন্নাথ মন্দির হিসেবে পরিচিত হবে।
  • Link to this news (বর্তমান)