মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বাড়ানোর ফলে সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা, এই অভিযোগে মঙ্গলবার পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে প্রায় তিন ঘণ্টা ধরে রেল অবরোধ হয়। তার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে অন্তত ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয় বিস্তর হয়রানির মুখে পড়েন সাধারণ যাত্রীরা। সেই ঘটনা নিয়ে এ বার কড়া বিবৃতি দিল পূর্ব রেল। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, শিয়ালদহের মতো শাখায় যেখানে প্রতিদিন অন্তত ২০ লক্ষ যাত্রী পরিষেবা পান, সেখানে এ ভাবে অবরোধ কোনও পরিস্থিতিতেই বরদাস্ত করা হবে না। সে ক্ষেত্রে রেলওয়ে আইন মেনে দোষীদের পাঁচ বছর পর্যন্ত জেল এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। কেন মহিলাদের জন্য সংরক্ষিত আসন বাড়ানো হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছে রেল।
বেশ কয়েক মাস আগেই রেলের মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছিল। মহিলাদের জন্য বরাদ্দ একটি করে কামরার পাশাপাশি জেনারেল কামরার অর্ধেকও মহিলাদের জন্য বরাদ্দ করা হয়। এর ফলে ট্রেনের মোট তিনটি কামরা বরাদ্দ হয় মহিলাদের জন্য। মূলত তা নিয়েই আপত্তি পুরুষ যাত্রীদের একাংশের। তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য, পুুরুষ যাত্রীদের এই বিরোধের কোনও যৌক্তিকতা নেই। কারণ, শিয়ালদহ দক্ষিণ শাখায় মোট যাত্রীদের প্রায় ২৫ শতাংশ মহিলা। তাঁরা দীর্ঘদিন ধরেই সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। রেল সেই মতোই পদক্ষেপ করেছে। পাশাপাশি পুরুষদের জায়গার অভাব মেটাতে এই শাখায় অতিরিক্ত ২ জোড়া ট্রেনও চালানো শুরু হয়।
পাশাপাশিই রেল জানিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই বেশ কয়েক বড় প্রকল্পের কাজ চলছে। আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ চলছে সোনারপুর-ক্যানিং, বারুইপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর এবং ৫ মাইল-বজবজ লাইনে। ডায়মন্ড হারবার এবং ক্যানিংয়ে নতুন স্ট্যাবিলিং ইয়ার্ড তৈরি করা হচ্ছে। রেল জানিয়েছে, চলতি বছরেই এই সব প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তা সম্পূর্ণ হলে ব্যস্ত সময়ে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে।