• ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
    এই সময় | ১০ জুন ২০২৬
  • প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। তাঁর নদিয়ার কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল আগেই। সেই নিয়ে ক্ষোভে প্রাক্তন মন্ত্রীকে ডিম ছুড়ে মেরেছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকী হেনস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। খবর পেয়েই তাঁকে কোনও রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেখানেই জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারির কারণ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি পুলিশ। 

    কৃষ্ণনগরের কাঠুরিয়া পাড়ায় থাকেন উজ্জ্বল। এ দিন দুপুরে তাঁর বাড়ির সামনে দীর্ঘক্ষণ একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের। পায়ে পায়ে ভিড় জমান তাঁরা। সেই গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল বলে অভিযোগ। হইহই করে ওঠেন সবাই। ঢুকে পড়েন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে।

    সেখানে আর এক কাণ্ড। অভিযোগ, বাড়ির ভিতরে থাক থাক করে রাখা ছিল সাদা থান কাপড়, বস্তা বস্তা কম্বল আর ত্রিপল। সঙ্গে সঙ্গে প্রাক্তন মন্ত্রীকে ঘিরে ফেলেন উত্তেজিত জনতা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চেঁচামেচির মধ্যে উজ্জ্বল কোনও রকমে বলেন, ‘ইদের আগে এই সব ত্রাণ এসেছে। কিছু দেওয়া হয়েছে। বাকি রয়েছে। এগুলো পাচার করা হচ্ছে না।’ কিন্তু কে শোনে কার কথা।

    উজ্জ্বলকে ঘিরে ধরে ততক্ষণে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেছেন উপস্থিত জনতার একাংশ। ভিড়ের মধ্যে থেকে আচমকাই একজন প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ। সেটা সোজা গিয়ে লাগে তাঁর কপালে। মাথা-মুখ ডিমে মাখামাখি হয়ে যায়। এমন ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। প্রাক্তন মন্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সেখানেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

    প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির পরে একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানায় নথিভুক্ত একটি নির্দিষ্ট মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন মেনে তাঁকে আদালতে পেশ করা হবে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা আনুষ্ঠানিক ভাবে জানায়নি পুলিশ। তবে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগেই উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

    কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১, ২০১৬ এবং ২০২১-এ টানা তিন বার বিধায়ক নির্বাচিত হন উজ্জ্বল। ২০১১-য় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন তিনি। ২০১৬-র মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও, ২০১৭-তে কারামন্ত্রী করা হয় তাঁকে। এর পরে বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব-প্রযুক্তি দপ্তরের মন্ত্রীও দায়িত্বও সামলেছেন।

  • Link to this news (এই সময়)