• গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার, কী অভিযোগ?
    আজকাল | ১০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে এবার উলটপূরাণ! এবার তোলাবাজির অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। সাংবাদিক পরিচয়ে তোলাবাজির অভিযোগ ‌উঠল‌ এবার। তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ওই ইউটিউবারের বিরুদ্ধে। 

    তোলাবাজির অভিযোগ আনল হুগলির উত্তরপাড়ায় ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অঝোরে কেঁদে ফেললেন ওই তৃণমূল কাউন্সিলর। কাঁদতে কাঁদতে রাস্তায় গড়াগড়ি! তাঁর অভিযোগ, এই অভিযুক্ত ইউটিউবার হলেন শুভজ্যোতি চক্রবর্তী। তৃণমূলের সাংসদ ও নেতাদের ঘনিষ্ট হওয়ার কারণে হুমকি দিয়ে তাঁর থেকে টাকা আদায় করেছেন বলে অভিযোগ জানিয়েছেন। 

    আর এবার এই তৃণমূল কাউন্সিলর বিচার চেয়ে থানার দারস্থ হলেন। আর তারপরই লিখিত অভিযোগের ভিত্তিতে কাউন্সিলরকে ব্ল্যাকমেল, ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে উত্তরপাড়া পুলিশ গ্রেপ্তার করল ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তীকে।

    উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাস। তাঁর অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করছিলেন উত্তরপাড়ার এক ইউটিউবার। শুভজ্যোতি চক্রবর্তী নামে ওই ইউটিউবার তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। কল্যাণ ব্যানার্জি, বেচারাম মান্না সহ তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে অন্যদের চমকাতেন বলে অভিযোগ। মৌসুমীকে ফোন করে এক লক্ষ টাকা তোলা চান ওই ইউটিউবার যুবক। না দিলে তাঁর বিরুদ্ধে 'খবর করে' দেওয়ার হুমকি দেন। 

    মৌসুমীর বাড়ি পুকুরের একাংশ বুজিয়ে করা হয়েছে বলে তাঁকে জনরোষের ভয় দেখানো হয়। এমনকী কাউন্সিলর খুনও হয়ে যেতে পারেন বলে হুমকি দেওয়া হয়। এমনটাই অভিযোগ তুলেছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক লক্ষ টাকা দিলে ব্যাপারটা সামলে দেবেন বলেও হুঁশিয়ারি দেন ওই ইউটিউবার।

    মৌসুমী বিশ্বাস বলেন, "আমি তিন বারের কাউন্সিলর। আমার স্বামী সরকারি চাকরি করেন। আমি নিজে কলেজে শিক্ষকতা করি, ছেলেও প্রতিষ্ঠিত। স্বচ্ছতার সঙ্গে কাজ করি। কেউ কোনওদিন আঙুল তুলতে পারবেন না। পালাবদলের পর এখন ইট ছোঁড়া, ডিম ছোঁড়া চলছে চারিদিকে। কিন্তু আমার ক্ষেত্রে সেসব হয়নি। আমাকে রাতে হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দেয়, টাকা চায়। আমি কিছু রেকর্ড করে পুলিশকে দিয়েছি। এত দিন মুখ বুজে সহ্য করেছি কারণ, আমার কাছে কোনও প্রমাণ ছিল না। আমি তৃণমূল নেতাদের বলেছি, চেয়ারম্যানকে বলেছি, কোনও সাহায্য পাইনি। এখন পুলিশ ব্যবস্থা নিক। আমি টাকার নম্বর লিখে রেখেছি। ইউটিউবারে স্ত্রী টাকার খাম নিয়ে পালিয়েছে।" 

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাউন্সিলর আবেদন করে বলেছেন, "হাত জড়ো করে বলতে চাই, আমাকে ওরা ব্ল্যাকমেল করছে। আমাকে বাঁচান।" চন্দননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, উত্তরপাড়া–কোতরং পুরসভার কাউন্সিলর মৌসুমী বিশ্বাস-এর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, মাখলা সরকারি কলোনির বাসিন্দা শুভজ্যোতি চক্রবর্তী (৩৫), যিনি ইউটিউবার হয়ে মিডিয়া সাংবাদিক হিসেবে পরিচয় দেন, এবং তাঁর বন্ধু মাখলা শীতলাতলা জোড়ামন্দির এলাকার বাসিন্দা তন্ময় সর্দার (৩২), উভয়েই উত্তরপাড়া থানা এলাকার (হুগলি) বাসিন্দা। সোমবার অভিযোগকারীর কাছ থেকে টাকা দাবি ও আদায় করার সময় হাতেনাতে ধরা পড়েন। 

    পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার পর উত্তরপাড়া থানায় উভয়ের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয় এবং পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাঁদের এসিজেএম, শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
  • Link to this news (আজকাল)